রেফারির ভুল মানছেন মার্টিনোও
রিয়াল মাদ্রিদ অভিযোগ তুলেছিল ম্যাচের পরপরই। গত শনিবার এল ক্লাসিকোতে রেফারি পেনাল্টি বঞ্চিত করেছেন ওদের। চিরপ্রতিদ্বন্দ্বীর এমন অভিযোগ স্রেফ হারের অজুহাত হিসেবেই দেখেছেন বার্সেলোনার অনেক ফুটবলার। তবে বার্সেলোনা কোচ তাঁর ছাত্রদের মতো নন। পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তটা রেফারির ভুল ছিল বলে স্বীকার করেছেন জেরার্ডো মার্টিনো। যদিও এ জন্য রেফারিকে অভিযুক্ত করতে রাজি নন বার্সার কোচ।
মৌসুমের প্রথম এল ক্লাসিকো বার্সেলোনা জিতেছে ২-১ গোলে। তবে শনিবারের ওই ম্যাচে আদ্রিয়ানোর একটি হ্যান্ডবল ও রোনালদোকে করা একটি ফাউলের কারণে দুবার পেনাল্টি দাবি করেছিল রিয়াল। যদিও এর কোনোটিতেই সাড়া দেননি স্প্যানিশ রেফারি আলবার্তো উদিয়ানো। ওই ম্যাচের পর থেকেই রেফারির সেই সিদ্ধান্ত নিয়ে চলছে চাপান উতোর।
সেদিন হয়তো রিয়াল ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে—গতকাল লা লিগায় সেল্টা ভিগোর সঙ্গে ম্যাচের আগে এমনটা স্বীকার করেছেন বার্সার কোচ মার্টিনো, ‘হয়তো রেফারি ভুল করেছেন। তবে রিয়ালের খেলোয়াড়েরা যেটা বলছেন আমি সেটির জবাব দিতে গেলে পরিস্থিতির সুবিধা নেওয়া হয়ে যাবে। ওরা যদি মনে করে রেফারি ভুল করেছেন, তাহলে সমস্যা নেই।’ তবে ম্যাচ পরিচালনায় এমন ভুল হতেই পারে, বলছেন মার্টিনো। তবে মেসিদের কোচ রেফারিকে অভিযুক্ত করতে রাজি নন, ‘হয়তো রেফারি ভুল করেছেন। ব্যস, এটুকুই। কিন্তু এর জন্য তাঁকে অভিযুক্ত করা আমার জন্য কিছুটা কঠিন।
গতকাল সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা এবারও শিরোপার দাবিদার। মার্টিনো সেটি আরেকবার মনে করিয়ে দিলেন, ‘মৌসুমের প্রথম দিনও বার্সেলোনা ফেবারিট ছিল, ১০ ম্যাচ পরও ফেবারিট। বার্সেলোনার ইতিহাস ও ঐতিহ্য যেকোনো প্রতিযোগিতায় এই ক্লাবকে ফেবারিট বানিয়ে দেয়।’ ওয়েবসাইট।