রেফারিরা প্রযুক্তির সাহায্য নিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রতিদিন লিখি না। দু-এক দিন পরপর লিখি। গত (২৭ জুন) লেখায় কিছুটা ঝুঁকি নিয়ে জ্যোতিষীদের মতো নকআউট পর্বের প্রথম খেলা দুটির (আমেরিকা-ঘানা ও দ. কোরিয়া-উরুগুয়ে) সম্ভাব্য ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলাম। বলেছিলাম, আমেরিকার বিরুদ্ধে ঘানা আর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উরুগুয়ে জিতবে। আমার ভবিষ্যদ্বাণী সফল হওয়ার পর ভেবেছিলাম আমার প্রতিভামুগ্ধ অনেক ভক্তজনের ফোন পাব। এমনকি জ্যোতিষীর খেতাবও আমার জুটতে পারে। কিন্তু না, খেলার আগেই খেলার ফল জানিয়ে দিতে পারার কৃতিত্ব প্রদর্শন করার পরও পাঠকেরা তো নয়ই, যে কাগজে আমি লিখছি সেই প্রথম আলো পত্রিকার পক্ষ থেকেও কেউ আমাকে ধন্যবাদ জানিয়ে ফোন করেনি। তাতে আমি খুবই ক্ষুব্ধ হয়েছি। আপমানিত বোধ করেছি। লেখাটা বন্ধ করেই দিতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পারা গেল না। আনিসুল হক ও সাজ্জাদ শরীফের যুগল অনুরোধে আমি আবারও আমার মূল্যবান সময়ের অপচয় করতে রাজি হয়েছি। আমি আমার লেখার জন্য টাকা চাই এবং পাইও বটে। তাই বলে আমি শুধুই টাকার জন্য লিখি—এটা বলা যাবে না। এটা ভুল কথা। আমি লেখার জন্য প্রশংসা চাই। ভালো লেখার জন্য পাঠকের প্রশস্তি চাই। সবাই এটা মনে রাখবেন। এবার খেলার কথায় আসি। লিখিনি যদিও, তবু আমার মনে হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে জার্মানি এবং মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনাই জয়ী হবে। হয়েছেও। এবারের রেফারিগিরি নিয়ে আমি যে আগের একটি লেখায় সমালোচনা করেছিলাম, নকআউট পর্বের দ্বিতীয় দিনের খেলায় তার যথার্থতা পাওয়া গেল। বাজে রেফারিংয়ের জন্য গোললাইন পেরিয়ে মাটিতে আঘাত করে পরাভূত গোলরক্ষকের নাগালে ফিরে আসা গোলটি থেকে বঞ্চিত হলো ইংল্যান্ড। আর আর্জেন্টিনার ব্যাগে সঞ্চিত হলো এমন একটি গোল, যা স্পষ্ট অফসাইড থেকে হেড করে মেক্সিকোর জালে ঢুকিয়েছিল আর্জেন্টিনার কার্লোস তেভেজ। ওই গোলটিকে বৈধতা দেওয়ার পর মনে হলো, হকির মতো ফুটবলেও অফসাইড উঠিয়ে দিলে মন্দ হয় না। অনেক ঝামেলা চুকে যায়। ‘হাকিম নড়ে তবু হুকুম নড়ে না’ বলে একটা গ্রাম্য প্রবাদ আছে। গ্রামের মানুষের পক্ষে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করা সম্ভব নয় বলে গ্রামের মানুষ মহকুমা হাকিমের দেওয়া রায়কেই চূড়ান্ত বলে মানে এবং এই প্রবাদটিকে সত্য বলেই মনে করে এসেছে। এবারের বিশ্বকাপ ফুটবলে সেই নড়বড়ে প্রবাদের সত্যতাই নতুন করে দেখা গেল। এটা গ্রহণযোগ্য নয়। এ রকম গোল যারা খায় তাদের বেলায় যেমন, তেমনি এ রকম গোল যারা পায় তাদের জন্যও সমান না হলেও কিঞ্চিত অস্বস্তির কারণ হয়। ভুল গোলের হাত থেকে বিশ্বকাপকে মুক্ত করার চিন্তা আমাদের অবশ্যই করতে হবে। সুন্দর ফুটবলের জন্যই করতে হবে। ক্রিকেটের মতো ফুটবলেও থার্ড আম্পায়ার চালু করার কথা আমি বিশ্বকাপের শুরুতেই বলেছিলাম। কে শোনে কার কথা! ২৭ জুনের খেলা দুটি দেখার পর আমার সেই দাবি আরও জোরালো হয়েছে বলেই মনে করি। বৈজ্ঞানিক প্রযুক্তির এই উৎকর্ষের যুগেও বিশ্বকাপ ফুটবলে যদি রেফারির ভুল সিদ্ধান্তই শেষ কথা হয়, রেফারিরাই যদি বিশ্বকাপ ফুটবলের ঈশ্বর হন, তবে তা ফুটবলের জন্যই মহা ক্ষতির কারণ হবে। হচ্ছেও। আরও হবে। তাই স্থির করেছি, থার্ড আম্পায়ার নিয়োগ করা না হলে, বেঁচে থাকলেও আমি পরবর্তী বিশ্বকাপ ফুটবল দেখব না।শেষ কথা—আজকের (গত রাতের) খেলায় জিতবে ব্রাজিল আর হল্যান্ড। কামরাঙ্গীর চর২৮ জুন ২০১০ সন্ধ্যা ছয়টা।