রেফারীদের জন্য সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিশ্বকাপে অনেক আলোচিত-বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল রেফারির ভূমিকা। বিশেষত জার্মানি-ইংল্যান্ড খেলার সময় ল্যাম্পার্ডের শট জার্মানির গোললাইন অতিক্রম করলেও সেটাকে গোলের স্বীকৃতি না দেওয়ায় রেফারির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। এরপরই গোললাইন প্রযুক্তি চালুর দাবি উঠেছিল বেশ জোরেসোরেই। রেফারির একটা ভুল সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে—এমন উদাহরণ অনেক। এবার এই রেফারিং বিতর্কের ইতি টানতে চান উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। উয়েফা বাজে রেফারিং সহ্য করবে না বলে জানিয়ে রেফারিদের জন্য সতর্কবার্তা পাঠিয়েছেন তিনি।আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্লাতিনি বলেছেন, ‘যদি কেউ তিন মিটার দূর থেকেও দেখতে না পায় যে বল গোললাইন অতিক্রম করেছে কিনা, তাহলে তিনি অবশ্যই ভালো রেফারি না। এরপর থেকে রেফারিদের আর কোন কৈফিয়ত শোনা হবে না।’ গোললাইন বিতর্ক এড়াতে গোললাইন প্রযুক্তির বিকল্প হিসেবে আরও দুইজন সহযোগী রেফারি চালু করতে যাচ্ছে উয়েফা কর্তৃপক্ষ। দুই দলের গোললাইনের পেছনে দাঁড়ানো এই দুই রেফারির কাজ হবে বল গোললাইন অতিক্রম করলো কিনা সেটা নিশ্চিত করা এবং পেনাল্টি বক্সের ভেতরে ফাউল সনাক্ত করা। এত কিছুর পরও রেফারিং নিয়ে আর কোন বিতর্ক একেবারেই কাম্য নয় উয়েফা কর্তৃপক্ষের। প্লাতিনি বলেছেন, ‘আমার মতে এটা খুবই ভালো একটা সমাধান। রেফারিরা সবকিছু খেয়াল করতে পারে না-এই অজুহাতে তাদের অনেক ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু এই নতুন ব্যবস্থায় তারা সবকিছুই দেখতে পারবে। কাজেই এখন যদি তারা কোন ভুল করে তাহলে তাদের এই পেশা ছেড়ে দিতে হবে।’ রয়টার্স