রেফারেল ও উইকেট-বৃষ্টির দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কত বিস্ময় লুকিয়ে রেখেছে এই সিরিজ? প্রথম দুই টেস্টেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের উইকেট আর ইতিহাস বিবেচনায় ভাবা হয়েছিল বড় রানের সব ড্র দেখবে এই সিরিজ। সত্যিটা হলো, প্রথম টেস্ট শেষ হয়েছে তিন দিনে, পরেরটি চার দিনে। কাল পিচ রিপোর্টের সময় ডেভিড লয়েড বললেন, ‘সিরিজের সেরা ব্যাটিং উইকেট, নিখাদ ব্যাটিং উইকেট।’ সেই উইকেটই প্রথম দিনে দেখল ১৬ উইকেটের পতন!টস জিতলে দুই অধিনায়কেরই চাওয়া ছিল ব্যাটিং। ইচ্ছাপূরণ হয়েছে মিসবাহ-উল-হকের। কিন্তু ইনিংস শুরুর ৪০ মিনিটের মধ্যে নিজেকে উইকেটে দেখবেন, খানিকপর আবার ড্রেসিংরুমে, স্কোরবোর্ডে ৭ উইকেটে ৪৪, চা-বিরতির আধঘণ্টা আগেই গুটিয়ে যাবে দল—এসব নিশ্চয়ই ভাবতে পারেননি মিসবাহ! ইংল্যান্ডের ইনিংস শুরুর সময়ও অ্যান্ড্রু স্ট্রাউসের চাওয়া ছিল অবশ্যই দিন শেষে অপরাজিত থাকা। তা তিনি আছেন, কিন্তু আরেক পাশে জেমস অ্যান্ডারসনকে নিশ্চয়ই চাননি! ৪ উইকেট হাতে নিয়ে ৫ রানের লিড, স্বস্তিটা হয়তো স্ট্রাউসের একটু বেশি। তবে চতুর্থ ইনিংসে ব্যাট করার শঙ্কাটাও তাঁর হওয়ার কথা!উইকেট-বৃষ্টি মানেই ব্যতিব্যস্ত আম্পায়ার। তবে মাঠের দুই আম্পায়ারের চেয়ে কাল কম ব্যস্ত ছিলেন না তৃতীয় আম্পায়ার শাবির তারাপোরেও। একদিনেই কাল সাতটি রিভিউ আবেদন হয়েছে। সাইমন টফেলের ক্যারিয়ারে এমন বাজে দিনও সম্ভবত আসেনি আগে। পাঁচবারের আইসিসি বর্ষসেরা আম্পায়ারের তিনটি সিদ্ধান্ত পাল্টে গেছে রিভিউ আবেদনে। সঙ্গে আলোচনায় থাকল দুজনের রেফারেল না নেওয়াও। রিভিউ আবেদন করলেই এলবিডব্লু হওয়া থেকে বেঁচে যেতেন জোনাথন ট্রট, কিন্তু তা না করে হাঁটা দেন। তেমনি রেহমানের বলে একটি এলবিডব্লুর আবেদনে রিভিউ চায়নি পাকিস্তান, অথচ নিলেই আউট হতেন স্ট্রাউস।লয়েড যেমন বলছেন তেমন ব্যাটিং-স্বর্গ হয়তো নয়, তবে উইকেট ব্যাটিং সহায়কই ছিল। দুই দলের ব্যাটিং-দৈন্যই আসলে ফুটে উঠেছে। নতুন বলে পেস আর খানিকটা পুরোনো বলে স্পিনে হিমশিম খেয়েছে দুই দলের ব্যাটসম্যানরাই। সকালে খানিকটা সুইং পেয়েছেন অ্যান্ডারসন-ব্রড, যদিও বিপজ্জনক কিছু ছিল না। কিন্তু দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে পাকিস্তানের ৫ উইকেট নেই ২১ রানে! ২ থেকে ৫, পাকিস্তানের এই চার ব্যাটসম্যানের মিলিত রান ৬, নিজেদের ইতিহাসে যা সর্বনিম্ন! ইংল্যান্ডের ইনিংসেও নতুন বলে উমর গুলের আঘাত। তৃতীয় উইকেটে স্ট্রাউস-পিটারসেনের ৫৯ রানের জুটির পর যথারীতি স্পিনের বিষ। ব্রড-সোয়ানদের বাঁচাতে আট নম্বরে তাই নামতে হয়েছে নাইটওয়াচম্যানকে! সূত্র: ওয়েবসাইট।বিভীষিকাসিরিজে আজমলের ৩২ বল খেলে ১২ রান করেছেন বেল, ৫ ইনিংসে চারবার আউটের প্রতিবারই দুসরায়!