রেফারেল নিয়ে আশাহত বিসিবি
বিসিবির আশা ছিল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই প্রথমবারের মতো প্লেয়ার্স রেফারেল পদ্ধতি ব্যবহার করবে বাংলাদেশ। কিন্তু গত বৃহস্পতিবার রাতে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে, নিমবাস যে প্রযুক্তিতে সিরিজের ম্যাচগুলো সম্প্রচার করবে তাতে প্লেয়ার্স রেফারেল সিস্টেম কার্যকর রাখা সম্ভব নয়। আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাই থাকছে না প্লেয়ার্স রেফারেল সিস্টেম।ডিসিশন রিভিউ সিস্টেমের দুটি অংশ আম্পায়ার্স রেফারেল সিস্টেম ও প্লেয়ার্স রেফারেল সিস্টেম। প্রথমটির মাধ্যমে ফিল্ড আম্পায়াররা থার্ড আম্পায়ারের সাহায্য চাইতে পারেন, বাংলাদেশে হওয়া অন্যান্য সিরিজের মতো যেটি থাকবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। বিসিবি নিজেদের আয়োজিত কোনো সিরিজে প্রথমবারের মতো প্লেয়ার্স রেফারেল পদ্ধতিও রাখতে চেয়েছিল এবার। কিন্তু নিমবাস এর জন্য অবশ্যপ্রয়োজনীয় হক-আই, স্নিকোমিটার ও হট স্পট প্রযুক্তি ব্যবহার করবে না বলে সেটি আর হচ্ছে না। কাল বিষয়টা নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর আহমেদ, ‘কিছু সরঞ্জাম এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না বলে আমরা প্লেয়ার্স রেফারেল সিস্টেম রাখতে পারছি না।’বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশে এসব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও নয় নিমবাসের। তবে আগে থেকে বললে এবং বাড়তি খরচ বহন করলে প্লেয়ার্স রেফারেল সিস্টেম রাখা সম্ভব ছিল। সূত্র জানিয়েছে, দুই টেস্ট ও তিন ওয়ানডের একটি সিরিজে স্নিকোমিটার ব্যবহারের জন্য দিতে হয় ৩৯৫০০ মার্কিন ডলার, হক-আইয়ের জন্য ৭৫০০০ ও হট স্পটের জন্য ১ থেকে দেড় লাখ ডলার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মোট স্পনসর মানি ১ লাখ ৯৫ হাজার ডলার। শুধু প্লেয়ার্স রেফারেল সিস্টেমের জন্য দুই-আড়াই লাখ ডলার খরচ বাড়াবাড়ি মনে হতেই পারে বিসিবির। তা ছাড়া এখনো দুর্লভ বলে এসব প্রযুক্তি ব্যবহার করতে চাইলে সম্প্রচারকারীদের সেটি আগে থেকে জানিয়ে রাখতে হয়। নিমবাসকে বিসিবির তা জানানোর সময় পেরিয়ে গেছে আরও মাস দেড়েক আগে।তার পরও বিসিবির আশা ছিল নিমবাসের দেওয়া স্লো মোশন, সুপার স্লো মোশন ও স্টাম্প অডিও ভিশন প্রযুক্তি দিয়েই সীমিত আকারে প্লেয়ার্স রেফারেল সিস্টেম চালু রাখা যাবে। এ ব্যাপারে বিসিবি থেকে আইসিসির দিকনির্দেশনা চেয়ে শেষ পর্যন্ত ‘না’-ই শুনতে হয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সাব্বির খান কাল জানিয়েছেন, ‘আইসিসি আমাদের জানিয়েছে হক-আই, হট স্পট ও স্নিকোমিটার ছাড়া প্লেয়ার্স রেফারেল সিস্টেম রাখা যাবে না। নিমবাস এসব প্রযুক্তি ব্যবহার করতে পারবে না। তা ছাড়া বিসিবিও মনে করে এসব প্রযুক্তি এখনো সন্দেহের ঊর্ধ্বে নয়।’আইসিসির নতুন নিয়মে ওয়ানডেতে কোনো দল ব্যাটিং এবং বোলিংয়ের সময় একটি করে অসফল প্লেয়ার্স রেফারেল নিতে পারে, আগে ছিল দুটি। টেস্টে আগের মতোই দুটি অসফল প্লেয়ার্স রেফারেল নেওয়ার নিয়ম চালু আছে এখনো।