রেফারেল পদ্ধতি বাধ্যতামূলক হলো
আন্তর্জাতিক ক্রিকেটে পরিবর্তন ও পরিবর্ধন আসছে। অন্তত, বুধবার শেষ হওয়া আইসিসির ক্রিকেট কমিটির বৈঠকে এমনই কিছু নির্দেশনা এসেছে।ক্রিকেটের পীঠস্থান লর্ডসে অনুষ্ঠিত আইসিসির ক্রিকেট কমিটির এ সভায় উপস্থিত ছিলেন ক্রিকেটের অনেক দিকপালেরাই। ক্লাইভ লয়েড, গ্যারি কারস্টেন, রবি শাস্ত্রী, মার্ক টেইলর ও ইয়ান বিশপরা আলোচনার মাধ্যমে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে, আলোচিত রেফারেল পদ্ধতি ক্রিকেটের সব ফরম্যাটেই বাধ্যতামূলক করা ও ওয়ানডেতে উভয় ইনিংসে উভয় প্রান্ত থেকে দুটি করে বল ব্যবহার করা। বর্তমানে একদিনের ম্যাচে উভয় ইনিংসে একটি করে বল ব্যবহার করা হয়, ৩৪ ওভারে সেই বলটি বদলানো হয়। এ ছাড়া ফ্লাড লাইটের আলোতে বহুল আলোচিত ও প্রতীক্ষিত টেস্ট ম্যাচের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও কমিটি সিদ্ধান্ত নিয়েছে। দিন-রাতের টেস্টে কোন রঙের বল ব্যবহার করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত হলেই চালু হবে টেস্ট ম্যাচকে আকর্ষণীয় করে তোলার এই নতুন প্রয়াস।এ ছাড়া পাওয়ার প্লের ব্যাপারে ইনিংসের ১৬ থেকে ৪০ ওভারের মধ্যে ব্যাটিং ও বোলিং পাওয়ার প্লে নেওয়ার ব্যাপারে দলগুলোকে অনুমতি দেওয়া উচিত বলে সুপারিশ করেছে কমিটি। এর পাশাপাশি ওয়ানডে ক্রিকেটের একজন বোলারের সর্বোচ্চ ১০ ওভারের কোটা তুলে নেওয়ার ব্যাপারেও সুপারিশ হয়েছে। কমিটি বলেছেন, এ সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক ক্রিকেটে বাস্তবায়ন হওয়ার আগে বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে পরীক্ষামূলকভাবে চালু করা উচিত। রয়টার্স।