রেফারেল পদ্ধতির তীব্র সমালোচনায় হেয়ার
এবারের বিশ্বকাপে আম্পয়াররা কঠিন সময় অতিক্রম করছেন। সময়টা তাঁদের খারাপ যাওয়ার মূল কারণ রেফারেল পদ্ধতি। বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে এই রেফারেল পদ্ধতি আম্পয়ারদের মাঠের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁদের সীমাবদ্ধতা প্রকাশ করে দিচ্ছে জনসম্মুখে। অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে ম্যাচে শ্রীলঙ্কান আম্পায়ার অশোকা ডি সিলভার দুটো সিদ্ধান্ত জিম্বাবুইয়ান খেলোয়াড়দের রেফারেল চ্যালেঞ্জে ভুল প্রমাণিত হওয়ায় আম্পয়ারদের দুর্বলতা আরো প্রকটভাবে প্রকাশিত হয়ে পড়েছে।পুরো ব্যাপারটি একদমই ভালো ঠেকছে না একদা বিতর্কিত অস্ট্রেলীয় আম্পায়ার ড্যারেল হেয়ারের। তিনি বলেছেন, এই রেফারেল পদ্ধতি মাঠে আম্পয়ারদের আত্মবিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।’এই ড্যারেল হেয়ারই ১৯৯৫-তে মুত্তিয়া মুরলিধরনের বোলিং অ্যাকশনকে বারবার ‘নো’ ডেকে সমালোচিত হয়েছিলেন। ইমরান খানতো একবার তাঁকে একজন ‘মৌলবাদী’ হিসেবে অভিহিত করেছিলেন। ইনজামামের নেতৃত্বে পাকিস্তান দলতো একবার তাঁর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠ ত্যাগ করেছিল। সেই হেয়ার রেফারেল পদ্ধতির তীব্র সমালোচনা করে বলেছেন, ‘রেফারেল পদ্ধতি একটি বাজে উদাহরণ তৈরী করছে সবার মধ্যে। এখনতো জুনিয়র স্কুল ক্রিকেটেও খেলোয়াড়েরা আম্পয়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে।’অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের আম্পয়ারর্স অ্যাসোসিয়েশনের একটি সাময়িকীতে লেখা এক কলামে হেয়ার বলেছেন, ‘আমি নিশ্চিত যে এই রেফারেল পদ্ধতি মাঠে আম্পায়ারদের আত্মবিশ্বাস একেবারে গুঁড়িয়ে দিচ্ছে। আপনার মাঠে দেওয়া সিদ্ধান্তকে যদি চ্যালেঞ্জ করা আইনসিদ্ধ হয়, তাহলে আপনি কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে আম্পায়ারিং করবেন?’তিনি আরো বলেছেন, গত অ্যাশেজ সিরিজের সময়, আমরা আলিম দার ও বিলি বাউডেনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে দেখেছি, যাঁরা এই মুহূর্তে বিশ্বের সেরা দুই আম্পয়ার।তিনি আইসিসিকে আম্পয়ারদের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে বলেছেন, আইসিসির যত্নশীল হওয়া উচিত, যেন মাঠে আম্পয়াররা ভুল কম করে।’হেয়ার এই রেফারেল পদ্ধতিকে ক্রিকেটের সত্যিকারের স্পিরিটের বিপরীত একটি ব্যাপার হিসেবে অভিহিত করে বলেছেন, ‘এর ফলে ক্রিকেট তাঁর মূল্যবোধ হারিয়ে ফেলবে। আইসিসির উচিত, এই রেফারেল পদ্ধতির প্রয়োগ বন্ধ করা। এবং আম্পয়ারদের আরো প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে তাঁরা ভুল কম করে।’ড্যারেল হেয়ার তাঁর আম্পায়ারিং ক্যারিয়ারে মোট ৭৮টি টেস্টম্যাচ পরিচালনা করেছেন। ২০০৬ সালে ইংল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে একটি সিদ্ধান্ত দেওয়ায় তাঁর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। এর ফলশ্রুতিতে ক্রিকেটের প্রথম দেশ হিসেবে পাকিস্তান সেই টেস্টম্যাচটি বর্জন করে। হেয়ারকে সেবারই সাময়িকভাবে আম্পায়ারিং থেকে বহিষ্কার করা হয়। ২০০৮ সালে তিনি নিজেই আম্পায়ারিং থেকে অবসর গ্রহণ করেন। রয়টার্স।