রেফারেলের বড় সমর্থক ফিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউডিআরএস (আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেম) বাধ্যতামূলক করার কথা প্রথমে বলেছিলেন কুমার সাঙ্গাকারা। পরে একই দাবি তোলেন রিকি পন্টিং, বীরেন্দর শেবাগ ও সদ্য টেস্ট আম্পায়ারিংকে বিদায় জানানো রুডি কোয়ের্তজেন। কোরাসে এবার গলা মেলালেন টিম মে। ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) প্রধানের দাবি, সব টেস্টেই ব্যবহার করা হোক ইউডিআরএস।‘এ বছরের মে মাসে আইসিসির ক্রিকেট কমিটি আইসিসির প্রধান নির্বাহীদের কমিটির কাছে সুপারিশ করেছে সব টেস্টেই ইউডিআরএস ব্যবহার করার জন্য। ক্রিকেট কমিটির আমিও একজন সদস্য। আর এই সুপারিশের প্রতি ফিকার সব ক্রিকেটারের সমর্থন আছে। দুর্ভাগ্যজনকভাবে প্রধান নির্বাহীদের কমিটি সুপারিশটা বাস্তবায়ন করেনি’—এক বিবৃতিতে জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার মে। রেফারেল পদ্ধতিতে প্রতিটি দল প্রতি ইনিংসে দুটি সফল রিভিউয়ের আবেদন করতে পারে। তবে আবেদন করতে হবে ১৫ সেকেন্ডের মধ্যে। ভারত চায়নি বলে চলতি শ্রীলঙ্কা-ভারত সিরিজে নেই রিভিউ পদ্ধতি। তবে ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো এটা ব্যবহূত হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে।ইউডিআরএস সব সময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না বলে যে অভিযোগ শোনা যায়, সেটিরও জবাব দিয়েছেন মে, ‘ক্রিকেটাররাও জানে পদ্ধতিটা শতভাগ নিখুঁত নয়। তবে তারা বিশ্বাস করে এর ব্যবহারে সঠিক সিদ্ধান্তের হার বেড়ে গেছে এবং নিশ্চিত ভুল সিদ্ধান্তগুলো থেকে মুক্তি পাওয়া গেছে।’ এএফপি।