হাঁটুর চোট কাটিয়ে মাত্রই মাঠে ফিরেছেন। ধাতস্থ হওয়ার সময়টাও পেলেন না ওয়েইন রুনি, এরই মধ্যে তাঁর ডাক পড়েছে শারীরিক সক্ষমতার পরীক্ষায়! সেটিও ফুটবল মাঠে নয়, ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারকে রেসলিং রিংয়ে ডেকেছেন ডব্লুডব্লু সুপারস্টার শিমাস। ১৯ এপ্রিল ম্যানচেস্টারে হবে ‘রেসলম্যানিয়া রিভেঞ্জ’। সেখানেই রুনির সঙ্গে লড়তে চেয়েছেন আইরিশ রেসলার। শারীরিক শক্তি প্রদর্শনীর এই খেলায় রুনি আগেও ডাক পেয়েছেন। গত নভেম্বরে আরেক রেসলার কিং ব্যারেটকে চড় মেরে বেশ আলোচিত হয়েছিলেন ইংলিশ স্ট্রাইকার। তবে যা-ই হোক, রেসলিং রিংয়ে রুনি কতটা কী করতে পারবেন, এ নিয়ে সংশয় আছে। ইউনাইটেড সমর্থকেরা হয়তো চাইছেন শিমাসকে কোনো মতে বুঝিয়ে-সুঝিয়ে পেনাল্টি শ্যুটআউটের জন্য রাজি করাতে পারলেই হয়। রুনির জয়ের সম্ভাবনাও তাতে বেড়ে যায়, নতুন করে চোটে পড়ার ভয়ও থাকে না। ইএসপিএন।