একজন ভুবনবিখ্যাত গায়ক। আরেকজন টেনিসের মহাতারকা। এনরিক ইগলেসিয়াস আর রাফায়েল নাদাল। ভিন্ন জগতের এই দুই বিখ্যাত স্প্যানিশ এবার একসঙ্গে নামছেন রেস্তোরাঁ ব্যবসায়। ইচ্ছে, স্প্যানিশ খাবারের স্বাদে দুনিয়া কাঁপিয়ে দেওয়ার। কেননা, তাঁরা মনে করছেন, ‘স্প্যানিশ খাবারের অনেক রেস্তোরাঁ থাকলেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেগুলো উদাহরণ হতে পারেনি।’ এই মার্চেই তাঁদের চেইন রেস্তোরাঁ ‘টাটেলে’র প্রথম শাখা চালু হচ্ছে মাদ্রিদে। স্পেনের রাজধানীতে চালু হতে যাওয়া রেস্তোরাঁটির আয়তন ৮০০ বর্গমিটার। ১৯২০-এর দশকের সাজসজ্জার আদলে সাজানো টাটেলে রয়েছে তিনটি অংশ। নাদাল-ইগলেসিয়াসের সঙ্গে আছেন বাস্কেটবল তারকা পাও গ্যাসল এবং ব্যবসায়ী আবেল মাতুতেস প্রাতসও। সেবা দিয়ে ক্রেতাদের চমকে দেওয়ার আশা উদ্যোক্তাদের। ইতিমধ্যে লাস ভেগাসে শাখা খোলার কাজ শুরু হয়ে গেছে। ভবিষ্যতে খোলা হবে বার্সেলোনা, লন্ডনে। পিটিআই।