রেহাই পায়নি বঙ্গবন্ধু স্টেডিয়ামও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের তাণ্ডব থেকে রেহাই পায়নি ক্রীড়া স্থাপনাও। পরশু মতিঝিল, পল্টন ও আশপাশের এলাকায় চলা তাণ্ডবের শিকার হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়াম, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ার ও স্টেডিয়ামের ইলেকট্রনিকস দোকানগুলো। মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে রাতে হেফাজত ইসলামের কর্মীরা হামলা করতে এলেও নিরাপত্তারক্ষীরা তাঁদের অনুনয়-বিনয় করে ভবনটিকে রক্ষা করতে পেরেছেন।বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এ ছাড়া ভেঙে ফেলা হয়েছে স্টেডিয়ামের চারপাশের সীমানাপ্রাচীর। স্টেডিয়ামে ঢুকতেই চোখে পড়ে এখানে-সেখানে পড়ে থাকা ভাঙা কাচের টুকরো। গ্যালারিতে অনেক চেয়ারই ভাঙা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা প্রথমে অ্যাথলেটিকস স্টোর রুমের দরজার কাচ ভেঙেছে। এরপর ভাঙে ফুটবলের ভিআইপি বক্স ও প্রেস বক্সের কাচ, চারতলার উত্তর পাশের কাচ এবং সাংবাদিকদের বসার ৫০টি মোবাইল চেয়ার। মশাল গেটসংলগ্ন গ্যালারির নিচের দিকের ৫০টি চেয়ারও চূর্ণবিচূর্ণ। ডাগ আউটে খেলোয়াড় ও কোচের বসার নির্ধারিত শেডের আটটিই পুরোপুরি বিধ্বস্ত। ছাদবিহীন বেঞ্চগুলো পড়ে আছে মাঠের এক পাশে।স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে ঢুকে একটি দল ভিভিআইপি বক্সের তৃতীয় তলার দরজার কাচ ও ড্রেসিং রুম ভাঙচুর করে। ফ্লাড লাইট ও সাউন্ড সিস্টেমের বৈদ্যুতিক তার আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। হেফাজতের কর্মীরা পোড়ানোর চেষ্টা করেছিল কয়েক কোটি টাকা দামের অ্যাথলেটিকস ট্র্যাকও। মশাল গেটের নিচের ৭ নম্বর লেনের সিনথেটিক ট্র্যাকে আগুন ধরিয়ে দিলেও গ্রাউন্ডসম্যান ও কর্মকর্তারা সেটা নিভিয়ে ফেলেন। তবে কয়েক মিটার ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে। রক্ষা পায়নি এনএসসি টাওয়ারও। গার্ডরুম ও বেসমেন্টের জানালার কাচ ভাঙা হয়েছে। টাওয়ারের সামনে রাখা বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপুর ব্যক্তিগত গাড়িটি হেফাজতের কর্মীদের আগুনে ভস্মীভূত হয়ে গেছে। ওখানে থাকা দুটি মোটরসাইকেলেরও হয়েছে একই পরিণতি।

 তাণ্ডব চালানো হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রধান গেটের সামনের কার পার্কিংয়েও। সিকিউরিটি রুমের কাচ চূর্ণবিচূর্ণ করা হয়েছে। মেঝের টাইলস তুলে ফেলা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে স্টেডিয়ামের ইলেকট্রনিকস মার্কেটের দোকানগুলোর শ দুয়েক ট্রলি। অন্যান্য দিনে স্টেডিয়ামের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে পুলিশ থাকলেও কাল কাউকেই পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া। ক্রীড়া স্থাপনাতে এমন ভয়ংকর হামলা হতে পারে, সেটা কল্পনাই করতে পারেননি, ‘আমি ভাবতেই পারিনি যে স্টেডিয়ামের মতো জায়গায় এমন আক্রমণ হতে পারে। খুবই কষ্ট পেয়েছি। আমার ৩০-৩৫ বছরের চাকরির অভিজ্ঞতায় এমন ঘটনা কখনো দেখিনি। এটা যেন একাত্তর সালকেও হার মানিয়েছে ।’

এমনিতেই পরশু কোনো নিরাপত্তাব্যবস্থা ছিল না স্টেডিয়ামে। বিকেলে ১৭ নম্বর ও মশাল গেটের তালা ভেঙে প্রায় আড়াই শ হেফাজতের কর্মী স্টেডিয়ামে ঢুকে ঘণ্টা খানেক ধরে এমন তাণ্ডব চালায়। তাঁদের বাধা দিতে গিয়ে আহত হন মোহাম্মদ ইয়াহিয়া। ঘটনা শুনে কাল স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।