বৈশ্বিক ক্রীড়া হিসেবে ক্রিকেট আসে অনেক পেছনে। এই উপমহাদেশে ক্রিকেট নিয়ে যতই মাতামাতি হোক, মারিয়া শারাপোভা চেনেন না শচীন টেন্ডুলকারকে! ২০০২ মন্টে কার্লোয় লরিয়াস অ্যাওয়ার্ডে বর্ষসেরা দলের পুরস্কার নেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন জানিয়েছিলেন, ক্রিকেটারদের ওখানকার সবাই ভেবেছিল অটোগ্রাফশিকারি!
ফুটবল-টেনিস-গলফের বৈশ্বিক আবেদনের কাছে ক্রিকেটের জন্য এটাই বাস্তবতা। তা হোক, একটা জায়গায় কিন্তু ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি পেছনে ফেলে দিয়েছেন ফুটবলের রোনালদো-মেসিকে। অর্থবিষয়ক সাময়িকী ফোর্বস দেখাচ্ছে, গত এক বছরে প্রাইজমানি এবং এনডোর্সমেন্ট মিলিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে মহেন্দ্র সিং ধোনির আয় ৩০ লাখ মার্কিন ডলার বেশি! লিওনেল মেসির চেয়ে বেশি ৮০ লাখ! ধোনির আয় যেখানে ২ কোটি ডলার, রোনালদো ও মেসির যথাক্রমে ১ কোটি ৭০ লাখ ও ১ কোটি ২০ লাখ ডলার।
আয়ের ভিত্তিতে ফোর্বস শীর্ষ ১০ ক্রীড়াবিদের যে তালিকা করেছে, সেখানে ভারতীয় ক্রিকেট অধিনায়কের অবস্থান পাঁচে। ৩ কোটি ৭০ লাখ ডলার নিয়ে শীর্ষে আমেরিকার বাস্কেটবল তারকা লেব্রন জেমস। ২০০৭ সাল থেকে প্রতিবছর সবচেয়ে বেশি উপার্জনকারী ১০ ক্রীড়াবিদের তালিকা তৈরি করে আসছে এই সাময়িকী। এবারই প্রথম তালিকার শীর্ষস্থানে নেই টাইগার উডস। দুই নম্বরে নেমে গেছেন এই আমেরিকান গলফার। তার পরই আছেন ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদেরার। চারে গলফার ফিল মিকেলসন। ধোনির পরে ৬ নম্বরে স্প্রিন্টার উসাইন বোল্ট। ৭ ও ৯ নম্বরে রোনালদো ও মেসি। ফক্স স্পোর্টস।

কার কত আয়
১
লেব্রন জেমস
বাস্কেটবল
৩ কোটি ৭০ লাখ
২
টাইগার উডস
গলফ
৩ কোটি ৬০ লাখ
৩
রজার ফেদেরার
টেনিস
৩ কোটি ২০ লাখ
৪
ফিল মিকেলসন
গলফ
২ কোটি ৯০ লাখ
৫
মহেন্দ্র সিং ধোনি
ক্রিকেট
২ কোটি
৬
উসাইন বোল্ট
অ্যাথলেটিকস
১ কোটি ৯০ লাখ
৭
ক্রিস্টিয়ানো রোনালদো
ফুটবল
১ কোটি ৭০ লাখ
৮
কোবি ব্রায়ান্ট
বাস্কেটবল
১ কোটি ৫০ লাখ
৯
লিওনেল মেসি
ফুটবল
১ কোটি ২০ লাখ
১০
রাফায়েল নাদাল
টেনিস
১ কোটি
* অর্থের পরিমাণ মার্কিন ডলারে