রোনালদোকে ছুঁলেন ক্লোসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো,মিরোস্লাভ ক্লোসা
রোনালদো,মিরোস্লাভ ক্লোসা

পর্তুগালের রক্ষণ যখন তছনছ করছেন জার্মানরা, তিনি তখন ডাগআউটে বসে। হয়তো নিশপিশ করছিল হাত, একটা সুযোগের আশায়। কিন্তু সেদিন আর কোচের ভাবনায় ঠঁাই পাননি। পরশু দল যখন পিছিয়ে, কোচের মনে পড়ল পুরোনো সৈনিককে। দলকে উদ্ধার করতে সময় লাগল তাঁর ২ মিনিট। আরও নির্দিষ্ট করে বললে, ১১২ সেকেন্ড। জার্মানিকে ফেরালেন সমতায়, নিজের নাম তুললেন ইতিহাসে। ছুঁলেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি গোলের রেকর্ড। রোনালদোর পাশে মিরোস্লাভ ক্লোসা!

গোল করবেন আর ‘ট্রেডমার্ক’ এই ডিগবাজি দেবেন না তা কি হয়! তার ওপর রেকর্ড-ছোঁয়া গোল বলে কথা। ঘানার সঙ্গে গোলের পর সেই পরিচিত ভঙ্গিতে মিরোস্লাভ ক্লোসা l এএফপি
গোল করবেন আর ‘ট্রেডমার্ক’ এই ডিগবাজি দেবেন না তা কি হয়! তার ওপর রেকর্ড-ছোঁয়া গোল বলে কথা। ঘানার সঙ্গে গোলের পর সেই পরিচিত ভঙ্গিতে মিরোস্লাভ ক্লোসা l এএফপি

প্রথম ম্যাচে যেভাবে খেলেছে জার্মানি, সুযোগ পেলে হয়তো সেদিনই রেকর্ডটি ছুঁতে পারতেন ক্লোসা। কিন্তু ফুটবল-বিধাতাই হয়তো ভেবে রেখেছিলেন একটু নাটকীয় চিত্রনাট্য। রোনালদোর ১৫তম গোলটি ছিল ঘানার বিপক্ষে, ২০০৬ বিশ্বকাপে। ১৫ নম্বর গোলে ক্লোসা রোনালদোকে ছুঁলেন সেই ঘানার বিপক্ষেই! ২০০২ সালের ১ জুন, বিশ্বকাপ অভিষেকেই হ্যাটট্রিক-যাত্রা শুরু ক্লোসা নামের এই গোলমেশিনের। বয়স তাতে খানিকটা মরচে ধরিয়েছে, তবে চলছে আজও। দুই সপ্তাহ আগে পূর্ণ করেছেন ৩৬। কিন্তু পরশুই প্রমাণ, এখনো দলের সম্পদ!
গোলটিও ছিল চিরচেনা ক্লোসার মতোই। না, তাঁর ট্রেডমার্ক হেডে নয়। তবে সেই চিরদিনের সুযোগসন্ধানী। টনি ক্রুসের ফ্রি-কিকে বেনেডিক্ট হুভেডেসের মাথা ছুঁয়ে আসা বল জালে পাঠানোর জন্য ঠিক জায়গামতোই ছিলেন ক্লোসা। গোলের পর উদ্যাপনেও সেই চিরচেনা ক্লোসা। বয়সের ছাপ পড়েছে রিফ্লেক্সে, ল্যান্ডিংটাও আগের মতো নিখুঁত হয় না বলে গত কিছুদিন এই উদ্যাপনটা বন্ধ রেখেছিলেন। বহুকাঙ্ক্ষিত রেকর্ড ছোঁয়ার পর ঠিকই দেখিয়ে দিলেন সেই অ্যাক্রোবেটিক ফ্লিপ!
রেকর্ডটিই যে ছিল লক্ষ্য, সেটি নিয়ে কোনো রাখঢাক রাখেননি। বিশ্বকাপের আগে বারবার বলেছেন, রেকর্ডটির জন্যই খেলে যাচ্ছেন এখনো, খেলছেন এই বিশ্বকাপ। তবে আকাশ ছোঁয়ার পর পা রাখছেন মাটিতেই। প্রতিক্রিয়ায় ভীষণ বিনয়ী, ‘অবশ্যই এটা আমার জন্য দারুণ স্পেশাল। কোনো সন্দেহ নেই তাতে। রোনালদো সর্বকালের সেরাদের একজন, ওর রেকর্ড ছোঁয়াও দারুণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার গোল দলের কাজে লেগেছে। হার এড়াতে পেরেছি আমরা।’
একেকটি িবশ্বকাপ গোল যেন একেকজন সন্তানের মতো। কোনো একটি বেছে নেওয়া কঠিন। তবে রেকর্ড ছোঁয়ার পর একটি গোলের কথা আলাদা করেই মনে পড়ল ক্লোসার, ‘২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোলটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পিছিয়ে ছিলাম আমরা, ম্যাচের বাকি ছিল মিনিট দশেক। আমার গোলে সমতায় ফিরেছিল ম্যাচে, পরে টাইব্রেকারে জিতেছিলাম আমরা।’
সে সময় ছিলেন ক্যারিয়ারের তুঙ্গে। এখন গোধূলিতে। পেছন ফিরে তাকিয়ে তৃপ্তি খুঁজে পান বিশ্বকাপ কীর্তিতেই, ‘বিশ্বকাপে ২০ ম্যাচে ১৫ গোল...মনে হয় রেকর্ডটা খারাপ না!’
পরশু শেষমুহূর্তে সুযোগ পেয়েছিলেন রোনালদো ছাড়িয়ে যাওয়ার। শটটি চলে যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে। তবে সুযোগ তো থাকছেই। চূড়া ছুঁয়ে ক্লোসার অভিযান এবার আরও উচুঁ চূড়ার সন্ধানে! এএফপি ও ফিফাডটকম।
সর্বোচ্চ ১০ গোলদাতা

রোনালদো (ব্রাজিল) ১৫
মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) ১৫
জার্ড মুলার (জার্মানি) ১৪
জাঁ ফন্টেইন (ফ্রান্স) ১৩
পেলে (ব্রাজিল) ১২
স্যান্দর ককসিস (হাঙ্গেরি) ১১
ইয়ুর্গেন ক্লিন্সমান (জার্মানি) ১১
হেলমুট রান (জার্মানি) ১০
গ্যারি লিনেকার (ইংল্যান্ড) ১০
গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা) ১০