রোনালদোকে হামেলস সঙ্গিনীর খোঁচা

একে তো গো-হারা হেরেছেন। নিজেদের জালে প্রতিপক্ষের একের পর এক গোল আর বুকে শূল বেঁধানো উল্লাস। এমন অভিজ্ঞতার সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো খুব পরিচিত নন। কিন্তু সুচবিদ্ধ যন্ত্রণার শেষটা এখানেই নয়। ম্যাচ শেষে একেবারেই অপ্রত্যাশিত এক কামান থেকে তাঁকে তাক করে গোলা ছোড়া হয়েছে। নিজের লেখা কলামে ‘টপ মডেল’ রোনালদোর শেভ করা রোমহীন শরীর নিয়ে খোঁচা দিয়েছেন ক্যাথি ফিশার। বলেছেন, এমন শেভ করা পা তাঁর নিজেরও নেই!
ফিশার অবশ্য কলাম লেখক নন। নিজে মডেল। তবে আপাতত তার চেয়েও বড় পরিচয়, তিনি ম্যাটস হামেলসের সঙ্গিনী। হামেলস পরশু ১-০ গোলে রোনালদোকে হারিয়েছেন। রোনালদো গোল পাননি, ডিফেন্ডার হয়েও গোল পেয়েছেন হামেলস। দলীয় পরাজয়টা রোনালদোর জন্য আরও বড়। হেরেছেন ৪-০ গোলে!
ম্যাচের আগেই বিল্ড-এ লেখা কলামে রোনালদোকে খোঁচাটা দিয়েছেন ফিশার। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পেনাল্টি গোলের পর আদুল গায়ে রোনালদোর উদ্যাপনের দিকে ইঙ্গিত করে ফিশার লিখেছেন, ‘ফাইনালে ওর উদ্যাপনটা দেখেছেন? এক আউন্সও মেদ নেই শরীরে...তবে দুর্ভাগ্যজনকভাবে ওর শরীরে কোনো রোমও নেই। এটা কি আপনার কাছে পুরুষালি মনে হয়? আমার কাছে হয় না। আমি পুরুষদের রোম তুলে ফেলার পক্ষে নই। এমন পুরুষকে আমার মোটেও ভালো লাগে না যার পা জোড়া আমার চেয়েও লোমহীন। অবশ্য এসব নিজস্ব পছন্দের ব্যাপার।’
প্রেয়সীর পছন্দ জানেন বলেই হয়তো হামেলস খোঁচা খোঁচা দাড়ি রাখেন সব সময়। নিজের প্রেমিকের সঙ্গে রোনালদোর তুলনা করতে গিয়ে আরেকবার রিয়ালের পর্তুগিজ তারকাকে ‘টপ মডেল’ বলে খোঁচা দিয়েছেন ফিশার, ‘আমার সেই সব পুরুষকে ভালো লাগে যারা কদিনের না-কামানো দাড়ি নিয়ে কফিতে চুমুক দেয়। ম্যাচের শেষে যাদের দেখতে লাগে অন্য রকম—রণক্লান্ত, ঘাম ঝরানো। টপ মডেল নয়, গ্ল্যাডিয়েটরদের মতো!’ ওয়েবসাইট।