রোনালদোর ঘরে লিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

যেন কোনো অ্যাকশন মুভির দৃশ্য। নায়ক এক ছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে যাচ্ছেন। নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিতে হচ্ছে প্রতি মুহূর্তে। মনে খানিকটা ভয়, ধরা খেলেই তো সব শেষ! তার পরও সব শঙ্কাকে তুচ্ছজ্ঞান করে পৌঁছে গেলেন অভীষ্ট লক্ষ্যে। নায়ক ইয়াগো লিল শেষ পর্যন্ত সফল।
নামটা অচেনা ঠেকছে? সেটাই স্বাভাবিক। সে হলিউডের কোনো নতুন তারকা নয়। সেলুলয়েডের ফিতাতেও এমন কোনো দৃশ্যপটের ঘটনা ঘটেনি। ১৫ বছর বয়সী লিল এমন নায়কোচিত ঘটনা ঘটিয়েছে তার স্বপ্নের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা পেতে। জীবন বাজি রেখে সব নিরাপত্তাবেষ্টনী ফাঁকি দিয়ে লিল ব্যালকনি দিয়ে হাজির রোনালদোর হোটেলকক্ষে! লিলের দাবি অনুযায়ী, প্রিয় তারকার বিছানায় গিয়েও নাকি শুয়েছে সে। রোনালদো তাকে কিছুই বলেননি।
সাজানো মঞ্চে আলো ছড়াতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। বিষণ্নতার অন্ধকারে নিমজ্জিত হবেন, সেটাই তো স্বাভাবিক। কোথায় একাকী হোটেলকক্ষে গুমোট হতাশায় নিজেকে আচ্ছন্ন রাখবেন, এরই মাঝে বাগড়া বাধিয়ে বসল এই কিশোর। তবে ছেলেটির সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার করেননি রোনালদো। ভক্তের এমন ‘প্রতিভা’য় মুগ্ধ হয়েই হয়তো তিনি আর নিরাপত্তাকর্মীদের ডাকেননি। ছবি তোলার পোজ দিয়েছেন। ভক্তকে দিয়েছেন অটোগ্রাফও। ডেইলি মেইল।