রোনালদোর জন্মই হতো না, যদি...

একটা সাহসী সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত জন্ম দিয়েছে সময়ের অন্যতম সেরা ফুটবলারের।যে সিদ্ধান্তে বদলে গেছে বিশ্ব ফুটবলের ইতিহাসও। বছর তিরিশেক আগে তেমনই একটা সিদ্ধান্ত নিয়েছিলেন দোলোরেস অ্যাভেইরো নামের এক ভদ্রমহিলা।
ভাবছেন কে এই ভদ্রমহিলা? তিনি এ মুহূর্তে বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর মা। প্রায় তিন দশক আগে রোনালদো যখন তাঁর গর্ভে, অ্যাভেইরো নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন গর্ভপাত করানোর! রোনালদোর আগেই জন্মেছিল তাঁর তিন সন্তান। পরিবারের দারিদ্র্যের জন্য অ্যাভেইরো ভেবেছিলেন আরও একটা সন্তান এলে তাঁকে বড় করে তুলতে সমস্যায় পড়তে হবে।
চমকে ওঠার মতো তথ্যটা এত দিন পর জানিয়েছেন স্বয়ং দোলোরেস অ্যাভেইরো।সম্প্রতি প্রকাশিত তঁর আত্মজীবনী মায়ে কোরাখেম (সাহসী মা)-এ অ্যাভেইরো লিখেছেন, তাঁর চিকিৎসক যদি তখন তাঁকে বারণ না করতেন, তাহলে পৃথিবীর আলোই দেখতে পারতেন না রোনালদো। সেই চিকিৎসকের পরামর্শেই পরে নিজের সিদ্ধান্ত বদলেছেন অ্যাভেইরো।জন্ম হয়েছে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার রোনালদোর।
অ্যাভেইরোর আত্মজীবনী প্রকাশনা অনুষ্ঠানে রোনালদো উপস্থিত ছিলেন না।তবে মায়ের জীবনের গোপন সত্যটি নাকি আগে থেকেই জানতেন রোনালদো। আর এটা নিয়ে নাকি মা-ছেলের মধ্যে মাঝেমধ্যে ঠাট্টাও হয়। আত্মজীবনীতে অ্যাভেইরো লিখেছেন, ‘সুযোগ পেলেই সে (রোনালদো) আমাকে বলে, দেখো মা তুমি আমাকে জন্ম দিতে চাওনি। কিন্তু এখন আমিই এ পরিবারটাকে চালাচ্ছি।’ ডেইলি মেইল।