রোনালদোর ধারণা, ইচ্ছে করেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুয়ান ক্যামিলো জুনিগা স্বীকার করেননি। করার কথাও নয়। এমনিতেই এখন তিনি ব্রাজিলে গণশত্রু। চোখ পাকিয়ে তাকাচ্ছে বাকি ফুটবল-বিশ্বও। স্বীকার করে কেন নিজের পায়ে কুড়াল মারবেন! তবে তাতে যে পার পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু নয়! ঘটনার টিভি রিপ্লে আর ভিডিও আছে, আছে স্থিরচিত্র। এসব যত দেখছে সবাই, ইচ্ছে করে ফাউল করার বিশ্বাসটাই যেন দৃঢ় হচ্ছে। এই যেমন রোনালদো। ব্রাজিলিয়ান গ্রেটের বিশ্বাস, জুনিগার ওই ফাউল ইচ্ছে করে না হয়ে পারেই না!
ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোর সঙ্গে শনিবার রিও ডে জেনিরোতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন রোনালদো। অবধারিতভাবেই সেখানে এল নেইমারের প্রসঙ্গ। আমজনতার বিশ্বাসের পালে আরও জোর হাওয়া দিলেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক, ‘টিভিতে দেখে পরিষ্কার বোঝা গেছে কলম্বিয়ার ওই ফুটবলার ইচ্ছে করেই ফাউল করেছে, নেইমারের কোনো ক্ষতি করার জন্য।আমার মোটেও মনে হয় না এটা স্রেফ ফুটবলীয় দুর্ঘটনা ছিল। খুব আগ্রাসী ফাউল ছিল সেটি। আমার দৃঢ়বিশ্বাস, ইচ্ছে করেই করা হয়েছিল।’
এই বিশ্বাস অবশ্য স্রেফ ধারণাই থেকে যাবে। সত্যি সত্যিই ইচ্ছে করে ফাউল করেছিলেন কিনা জুনিগা, হয়তো জানা যাবে না কখনোই। তবে পেছন থেকে অমন ফাউলের পরও কোনো কার্ড না দেখায় নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন কলম্বিয়ান ডিফেন্ডার। রেফারি কার্ড না দেখানোয় বিস্মিত রোনালদোও, ‘ভয়াবহ একটি ফাউল ছিল ওটা। খুবই অন্যায় করেছে ওই কলম্বিয়ান ফুটবলার। কিন্তু রেফারি তাকে কার্ড দেখায়নি। এখন অবশ্য কার্ড দেখানো বা না দেখানোয় অবশ্য কিছু আসে-যায় না। আমাদের ছেলেকে আমরা হারিয়েছি, এ জন্য কষ্ট হচ্ছে, খারাপ লাগছে।’
রোনালদোর সঙ্গে কণ্ঠ মেলালেন পাশেই থাকা সাবেক ডিফেন্ডার ক্যানাভারোও, ‘ওই ফুটবলারের হাঁটু অনেক ওপরে ছিল, যেটা আমার ভালো লাগেনি। ওটা দেখেই আমার মনে হচ্ছে, ইচ্ছে করেই ওভাবে ফাউল করা হয়েছে।’
এএফপি, ইএসপিএন, ইয়াহু স্পোর্টস।