রোনালদোর ভ্রাতৃজ্ঞান
ব্রাজিলের সঙ্গে পর্তুগালের অনেক মিল। ভাষা এক। সংস্কৃতিও খুব কাছাকাছি, কাছাকাছি খেলার ধরনও। ফুটবলে পর্তুগালের নাম তাই ‘ইউরোপের ব্রাজিল’। সেই ব্রাজিলকে রোনালদো ভ্রাতৃপ্রতিম দেশ ভাবতেই পারেন! আর ভাইদের কাছে তো ভালোবাসার দাবি থাকেই। ক্রিস্টিয়ানো রোনালদোরও আছে। বিশ্বকাপের সময় ব্রাজিলিয়ানদের সমর্থন চান রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার, ‘আমি ওদের অকুণ্ঠ সমর্থন চাই। ওরা তো আমাদের ভাইয়ের মতো, আমরা একই ভাষায় কথা বলি।’ অবশ্য ব্রাজিল-পর্তুগাল মুখোমুখি হলে ব্রাজিলিয়ানরা যে নিজের দেশকে বাদ দিয়ে পর্তুগালের পেছনে থাকবে না রোনালদো সেটি জানেন । তাঁর চাওয়া তাই এ দুটি দেশ যেন একেবারে ফাইনালে গিয়ে মুখোমুখি হয়! পর্তুগালের জন্য অবশ্য এতটা পথ পেরোনো সহজ নয় । জার্মানি, যুক্তরাষ্ট্র আর ঘানার সঙ্গে কঠিন গ্রুপে পড়েছে তারা। পর্তুগিজ সমর্থকদের আশার কথা শোনাতে গিয়ে রোনালদো বাস্তববাদী, ‘আমরা ফেবারিট নই, চেষ্টা করব এটাই উপভোগ করতে। গ্রুপটা কতটা জটিল সেটা আমরা সবাই জানি।’ এএফপি।