রোনালদোর মতোই টার্গেট নেইমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনেই হয়তো ছাত্রদের কানে কলম্বিয়া-বধের মন্ত্র জপে দিচ্ছেন ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি। পরশু তেরেসোপোলিসে l এএফপি
অনুশীলনেই হয়তো ছাত্রদের কানে কলম্বিয়া-বধের মন্ত্র জপে দিচ্ছেন ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি। পরশু তেরেসোপোলিসে l এএফপি

হ্যামস্ট্রিংয়ে টান, ঊরু ফুলে আছে এখনো। হাঁটুতে ব্যথা তো আছেই। দল থেকে ঘোষণা দেওয়া হয়েছে, কোয়ার্টার ফাইনালে নেইমার খেলবেনই। তবে তাঁর শরীরজুড়ে এখনো যেন চিলিয়ানদের ‘মারধরের’ চিহ্ন। নেইমারকে প্রতিপক্ষের কড়া ট্যাকলিং ম্যাচের সময় ডাগ-আউট থেকে দেখেছেন লুইস ফেলিপে স্কলারি, ড্রেসিংরুমে দেখছেন নেইমারের শরীরে সেসবের ছাপ। এসব দেখে স্কলারির মনে পড়ে যাচ্ছে রোনালদোর কথা। রোনালদোকেও তো এভাবেই টার্গেট করত প্রতিপক্ষ!
এই রোনালদো মানে কিন্তু ‘দা ফেনোমেনন’ নন। ব্রাজিলের রোনালদোকেও কোচিং করিয়েছেন স্কলারি। কিন্তু নেইমারের এই অবস্থা দেখে তাঁর মনে পড়ছে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা।
ফুটবলার হিসেবে বা অর্জন-কীর্তিতে মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে নেইমারকে। তবে নানা বাস্তবতা মিলিয়ে মেসি-রোনালদোর পর একটা নিঃশ্বাস নিয়েই এখন উচ্চারণ করতে হয় নেইমারের নাম। এই বিশ্বকাপের পারফরম্যান্সে তো তিনি ব্রাজিলিয়ানদের হৃদয়ে ঢুকে গেছেন। সময়ের এই তিন মহাতারকা দুজনকেই কোচিং করানোর অভিজ্ঞতা আছে স্কলারির। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত পর্তুগালের কোচ ছিলেন বিগ ফিল। সেই সময়ের তরুণ সেনসেশন রোনালদোকে ১৮ বছর বয়সে পর্তুগাল জাতীয় দলে ডেকেছিলেন তিনিই। পরের বছর রোনালদোকে খেলিয়েছেন প্রথম কোনো বড় টুর্নামেন্টে, দেশের মাটিতে ২০০৪ ইউরোতে।
চিলিয়ানদের হাতে নেইমারকে ‘আক্রান্ত’ হতে দেখে স্কলারি ফিরে গেছেন ১০ বছর আগের সেই টুর্নামেন্টে, ‘এসব আমার জন্য নতুন কিছু নয়, ২০০৪ ইউরোতেও এই অভিজ্ঞতা হয়েছিল আমার। যখন কোচ ছিলাম পর্তুগালের। তখন সব প্রতিপক্ষের লক্ষ্য ছিল ক্রিস্টিয়ানো রোনালদো। সব সময়ই ওর জন্য থাকত স্পেশাল মার্কিং। আমার মনে আছে, হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকেই ওকে প্রচণ্ড মার দেওয়া হচ্ছিল। একপর্যায়ে দ্বিতীয়ার্ধে ওকে উঠে যেতে হয়েছিল।’
লিসবনের সেই সেমিফাইনালে রোনালদোর গোলেই এগিয়ে গিয়েছিল পর্তুগাল। শেষ পর্যন্ত ডাচদের ২-১ গোলে হারিয়ে উঠেছিল ফাইনালে। চিলির বিপক্ষে নেইমারও ব্যথা নিয়ে খেলে গেছেন পুরো ম্যাচ। টাইব্রেকারে চরম চাপের শেষ শটটিও সফলভাবে নিয়েছিলেন তিনি। কিন্তু ম্যাচের পর আরও তীব্র হয় ব্যথা। অনিশ্চয়তা জাগে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলা নিয়ে। এসবই চরম ক্ষুব্ধ করে তুলেছে স্কলারিকে, ‘নেইমারকেও ক্রিস্টিয়ানোর মতো আটকানোর ফন্দি করা হচ্ছে। প্রতিটি ম্যাচই সে শেষ করেছে পা ফোলা নিয়ে। চিলির বিপক্ষে ৫ মিনিটেই ওকে ভয়াবহভাবে ট্যাকল করা হলো।’
আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল। নেইমারের খেলার ঘোষণা এসেছে বটে, কিন্তু তাতেও তো অনিশ্চয়তা কাটে না। স্কলারি অবশ্য আশা দেখছেন এবং দেখাচ্ছেন, ‘নেইমার সত্যিকারের এক নায়ক। আশা করি সে খেলতে পারবে।’ গোলডটকম, ইয়াহু স্পোর্টস।