রোনালদোর শুরু ও শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলাম স্লিমানি,ক্রিস্টিয়ানো রোনালদো,ইয়ান ভার্তোনেক,টমাস মুলার
ইসলাম স্লিমানি,ক্রিস্টিয়ানো রোনালদো,ইয়ান ভার্তোনেক,টমাস মুলার

ক্রিস্টিয়ানো রোনালদো বলতেই পারেন, ‘এই মণিহার আমার নাহি সাজে...!’ এমন বড় কোনো ‘মণিহার’ নয়, স্রেফ ম্যাচসেরার স্বীকৃতি। পরশুর দিনে ওটুকুই তো রোনালদোর পাশে বড্ড বেমানান!
দলকে জেতানো গোলটি এসেছে তাঁর পা থেকে। ম্যান অব দ্য ম্যাচ হতেই পারেন। কিন্তু আরও একগাদা গোল যে মিস করেছেন! গ্রুপের শেষ ম্যাচ না হলে হয়তো প্রশংসায় ভাসতেন। পরিস্থিতি বাঁচা-মরা না হলে হয়তো দলকে জেতানো গোলের পর ভুলগুলোকেও ক্ষমা করে দেওয়া যেত। কিন্তু পরশু রোনালদোর কাছে চাওয়া ছিল একটি েগালের চেয়েও বেশি কিছু। পর্তুগালের প্রয়োজন ছিল বড় জয়। সুযোগও এসেছিল। রোনালদো পারেননি, পারেনি পর্তুগালও। শেষ ম্যাচে ম্যাচসেরা স্বীকৃতি ব্যর্থতায় সামান্য প্রলেপও তাই হতে পারবে না হয়তো। গতবার গ্রুপপর্বের তিন ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। এবার পরশুই প্রথম ও শেষ!
রোনালদোর দলের বিপক্ষেই আগের ম্যাচে সেরা হয়েছিলেন টিম হাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের গোলকিপার সেরা হতে পারতেন পরশুও, ঠেকিয়েছেন জার্মানদের একের পর এক আক্রমণ। বৃষ্টিভেজা পিচ্ছিল কন্ডিশনেও ছিলেন নির্ভরতার প্রতীক। কিন্তু বক্সের বাইরে থেকে হাওয়ার্ডকে পরাস্ত করা গোলে ম্যান অব দ্য ম্যাচ হয়ে গেছেন টমাস মুলার।
ম্যাচের একমাত্র গোল সেরার সম্মান এনে দিয়েছে ইয়ান ভার্তোনেকেও। যদিও তাঁর মূল কাজ গোল ঠেকানো। সেই কাজেও পরশু দারুণ সফল বেলজিয়ান ডিফেন্ডার। একবার তো সন হিউং-মিনকে দারুণ এক স্লাইডিং ট্যাকলিং করে বাঁচিয়েছেন দলকে। আর ম্যাচ শেষে মিনিট ১৫ আগে ওপরে উঠে দলকে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত গোল।
আগের ম্যাচে দলের দারুণ জয়ে গোল করে ম্যাচসেরা হয়েছিলেন আলজেরিয়ার ইসলাম স্লিমানি। পরশুর গোল দলকে জেতাতে পারেনি, তবে এনে দিয়েছে জয়ের সমান এক ড্র। রাশিয়ার বিপক্ষে ওই ড্রতে পাওয়া মহামূল্য ১ পয়েন্টই স্বপ্নের নকআউট পর্বে পেঁৗছে দিয়েছে আলজেরিয়াকে। ইতিহাস গড়া গোলটির দিনে সেরা কি আর অন্য কেউ হতে পারেন!