রোনালদোয় মগ্ন বেন্তো

শোনা যায়, লুইস ফেলিপে স্কলারির সঙ্গে চেখোচোখিও হতো না ক্রিস্টিয়ানো রোনালদোর৷ ছবিটা তেমন পাল্টায়নি কার্লোস কুইরোজ কোচ হওয়ার পরও৷ তবে এখনকার কোচ পাওলো বেন্তোর সঙ্গে সম্পর্কটা দারুণ৷ এ জন্যই নাকি পর্তুগালের জার্সিতেও সাম্প্রতিক সময়ে নিয়মিতই স্বরূপে দেখা যায় রোনালদোকে৷ বেন্তোও সুযোগ পেলেই জানিয়ে দেন, রোনালদোয় তিনি কতটা মুগ্ধ৷ জানালেন আরও একবার৷ রোনালদোর চোট নিয়ে যখন চলছে ধোঁয়াশা, পর্তুগাল কোচ উচ্চারণ করলেন সবার জানা কথাটিই, রোনালদোই পর্তুগালের মূল ভরসা৷
সমসাময়িক আরও বেশ কজন তারকার মতো ক্লাবের দুর্দান্ত ফর্ম দেশের জার্সিতে অনুবাদ করতে না পারার দুর্নাম দীর্ঘদিন সঙ্গী ছিল রোনালদোর৷ একটা বড় কারণ ছিল কোচদের সঙ্গে দূরত্ব৷ ২০০৩ সালে ১৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেক রোনালদোর৷ ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত পর্তুগালের কোচ ছিলেন স্কলারি৷ রোনালদো নাকি স্কলারির ছায়াও মাড়াতে চাইতেন না৷ এরপর কোচ হলেন কুইরোজ৷ অতিরক্ষণাত্মক ঘরানার ফুটবল বেছে নেওয়ায় কুইরোজের সঙ্গেও রোনালদোর সম্পর্ক ভীষণ শীতল ছিল৷ কিন্তু যৌক্তিকভাবেই দলের সবচেয়ে বড় সম্পদের সঙ্গে ঝামেলার পথে যাননি বেন্তো৷ মাঠের বাইরে সম্পর্ককে পোক্ত করেছেন, মাঠেও ছক সাজিয়েছেন রোনালদোকে ঘিরে৷ শুধু অধিনায়কের বাহুবন্ধনী নয়, রোনালদোকে সত্যিকার অর্থেই দলের নেতা করে তোলেন বেন্তো৷
রোনালদোও দেশের জার্সিতে সেরা সময় কাটাচ্ছেন বেন্তোর কোচিংয়েই৷ ২০১২ ইউরোর বাছাইপর্বে করেছিলেন ৭ গোল, এর দুটি বসনিয়ার বিপক্ষে প্লে-অফে৷ ইউরোতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্বকাপ রানার্সআপ হল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে দলকে তুলেছিলেন শেষ আটে৷ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আরেকটি গোলে সেমিফাইনালে৷ পর্তুগাল সেমিতে স্পেনের কাছে টাইব্রেকারে হারলেও যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েিছলেন রোনালদো৷
এবার তো বলতে গেলে একাই দলকে এনে দিয়েছেন ব্রাজিলের টিকিট৷ বাছাইপর্বে করেছেন ৮ গোল৷ সুইডেনের বিপক্ষে দুই লেগের প্লে-অফের কথা কে ভুলতে পারে! প্রথম লেগের জয়ে করেছিলেন একমাত্র গোল, পরের লেগে ইব্রাহিমোভিচের দুই গোল ছাপিয়ে অসাধারণ এক হ্যাটট্রিক৷ গত মার্চে ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচের জোড়া গোলে দেশের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন৷ বেন্তোর কোচিংয়ে ৩৪ ম্যাচে ২৬ গোল রোনালদোর, অথচ আগের ৭৬ ম্যাচে ছিল ২৩টি!
রিয়াল মাদ্রিদের হয়ে তো বরাবরের মতোই কাটালেন দুর্দান্ত এক মৌসুম৷ সব মিলিয়ে ফিগো-কস্তাদের সোনালি প্রজন্মের কাছ থেকে কোনো ট্রফি না-পাওয়া পর্তুগিজরা স্বপ্নের জাল বুনছে এবার ‘সোনালি’ একজনকে ঘিরে৷ ১৯৮৬ বিশ্বকাপে মাঝারি মানের এক দলকে প্রায় একার জাদুতে ট্রফি এনে দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা৷ এবার রোনালদোর মাঝে পর্তুগিজরা খুঁজছে একজন ‘ম্যারাডোনা৷’
বেন্তো নিজেও এই স্বাপ্নিকদের একজন৷ দলে রোনালদোর প্রভাবের কথাও অকপট স্বীকারে কোনো দ্বিধা নেই পর্তুগাল কোচের, ‘আমাদের দলে ওর প্রভাব বিশাল, ওই আমাদের ম্যাচ উইনার৷ ম্যানচেস্টার ইউনাইটেড হোক বা রিয়াল মাদ্রিদ, কিংবা জাতীয় দল, যেকোনো দলেই ক্রিস্টিয়ানো থাকা মানে দলের শক্তি কয়েক গুণ বেড়ে যাওয়া৷ দল যখন সব সময়ই নির্ভর করে ওর ওপর, তাহলে দলে ওর সর্বব্যাপী প্রভাবের কথা বলতে কেন সংকোচ হবে!’
তবে কোচ যখন, বাকিদের কথা তো বলতে হবেই৷ তা ছাড়া চোটের কারণে সামান্য হলেও শঙ্কা আছে রোনালদোর বিশ্বকাপ খেলা নিয়ে৷ সেটা মাথায় রেখেই হয়তো বেন্তো যোগ করলেন, ‘ওকে যদি আমরা না পাই, তাহলে থমকে গেলে চলবে না৷ দল যেমনই হোক বা যারাই থাকুক, লড়াই করে যেতে হবে আমাদের৷’ ওয়েবসাইট৷