রোনালদো-দুশ্চিন্তায় অস্থির পর্তুগাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট কেড়ে নিয়েছে রাদামেল ফ্যালকাওয়ের বিশ্বকাপ-স্বপ্ন। কলম্বিয়ান স্ট্রাইকারের মলিন মুখ ভয়টা বাড়িয়েছে চোটশঙ্কায় দিন কাটানো অন্য দেশগুলোকেও। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে যেমন বেড়ে গেছে পর্তুগিজদের অস্থিরতা, ছটফটানি! রোনালদো বিশ্বকাপে খেলতে পারবেন তো?
রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে রোনালদো পর্তুগালের ক্যাম্পে যোগ দিয়েছেন আগেই। কিন্তু একটা প্রস্তুতি ম্যাচও খেলতে পারেননি। কোচ পাওলো বেন্তো ‘রোনালদোর চোটটা গুরুতর নয়’ বলে আশ্বস্ত করেছিলেন, সেও এক সপ্তাহ হয়ে গেল। রোনালদো এখনো মাঠে ফিরতে পারেননি। এ অবস্থায় শুধু সমর্থকেরাই নন, রোনালদোর চোটশঙ্কায় অস্থির পর্তুগালের টিম ম্যানেজমেন্ট, এমনকি ফুটবল ফেডারেশনও।
পর্তুগিজদের অস্থিরতার কারণটাও অনুমেয়। রোনালদোর সঙ্গে রাউল মেইরেলেস, পেপে এবং বেতোও চোটের সঙ্গে লড়ছেন। বিশ্বকাপের দিন কয়েক আগে দলের চার খেলোয়াড়ের চোট দুশ্চিন্তার কারণ অবশ্যই । এঁদের একজন রোনালদো হওয়ায় দুশ্চিন্তাটা বেশি। প্রস্তুতির জন্য পর্তুগাল এখন যুক্তরাষ্ট্রে। ব্রাজিল যাওয়ার আগে সেখানেই মেক্সিকো ও আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ । রোনালদো-পেপেরা তাতে খেলতে পারবেন কি না নিশ্চিত নয়। নিউইয়র্কের জেট ট্রেনিং সেন্টারে এই চারজন অনুশীলন করছেন আলাদাভাবে। ধরনটাও আলাদা। মূলত ফিটনেসের ওপরই মনোযোগ দেওয়া হচ্ছে বেশি।
ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার নানি অবশ্য আশাবাদী, ঠিকই বিশ্বকাপে খেলতে পারবেন রোনালদো। নিউজার্সি বিমানবন্দরে নেমে তিনি বলেছেন, ‘আমরা আশাবাদী, ক্রিস্টিয়ানো সুস্থ হয়ে খেলতে পারবে...এবং দলকে সাহায্য করতে পারবে।’ রোনালদো নিজেও নাকি নির্ভার, ‘রোনালদো ভালো হয়ে উঠছে এবং সে নির্ভার...সবকিছু ঠিকভাবেই এগোচ্ছে।’
চোট ‘শত্রু’র কারণেই ২০১০ বিশ্বকাপে খেলতে পারেননি নানি। নিজের অভিজ্ঞতা থেকেই ইউনাইটেড উইঙ্গার জানেন, ফিটনেস চিন্তা একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাসে কতটা প্রভাব ফেলে। রোনালদোর ক্ষেত্রেও তেমনটা ঘটবে না তো? নানি সেই আশঙ্কা নাকচ করে দিয়ে নিজের লক্ষ্যটাও জানিয়ে দিয়েছেন, ‘বিশ্বকাপ অন্য রকম একটা চ্যালেঞ্জ। আমি পূর্ণ সুস্থ থাকতে চাই এবং আমার সতীর্থদের সঙ্গে সেরা ফর্মে থাকতে চাই। শেষবার আমি সেখানে (বিশ্বকাপে) ছিলাম না। আশা করি এবার থাকব।’ এএফপি।