রোবেনের ফেবারিট জার্মানি!
এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে উজ্জীবিত পারফরম্যান্স কোন দলের? অনুমিতভাবেই উত্তরটা হতে পারে হল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শুরু। পরের দুই ম্যাচও জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখা হল্যান্ড পাল্টে দিয়েছে হিসাব-নিকাশ। টুর্নামেন্ট শুরুর আগে ডাচদের নিয়ে আলোচনাটা কমই ছিল। কিন্তু শিরোপার দাবিদার হিসেবে এখন জোরেশোরেই উচ্চারিত হচ্ছে হল্যান্ডের নাম। কিন্তু কমলা জার্সির এই উজ্জ্বল পারফরম্যান্সের পেছনে সবচেয়ে বড় অবদান যাঁর, সেই আরিয়েন রোবেন শিরোপা দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখছেন জার্মানিকে। বায়ার্ন মিউনিখ উইঙ্গারের চোখে জোয়াকিম লোর দলই ব্রাজিলে শিরোপার সবচেয়ে বড় দাবিদার।
জার্মানি লিগে খেলেন বলে জার্মানির খেলোয়াড়দের সামর্থ্য তাঁর ভালো করেই জানা। রক্ষণভাগ, মাঝমাঠ, আক্রমণভাগ—সব দিক থেকেই জার্মান দলটি অন্তত ভারসাম্যপূর্ণ। দলে বিকল্পও অনেক। কোচ লোর অধীনে দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছেন বলে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। সব দিক বিবেচনা করে রোবেন বলছেন, ‘বিশ্বকাপে আমার ফেবারিট জার্মানি।’ তাই বলে রোবেন নিজেদেরও সম্ভাবনা দেখছেন না, ব্যাপারটা এমন নয়। রোবেন হল্যান্ডের সম্ভাবনাই শুধু দেখছেন না, কায়মনোবাক্যে সেটা চাইছেনও।
বিশ্বকাপ ডাচদের আজন্ম আক্ষেপের নাম। তিনবার ফাইনালে খেলে একবারও ‘সোনালি’ ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি। তীরে গিয়ে স্বপ্নভঙ্গের বেদনা কতটা, সেটা রোবেনের চেয়ে ভালো কারও জানার কথা নয়! চার বছর আগে দক্ষিণ আফ্রিকায় ফাইনালে উঠেও দেশবাসীকে বিশ্বকাপ উপহার দিতে পারেননি। বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে রোবেন নিজেও হয়তো বুঝতে পারেন, সেই না পারার পেছনে সবচেয়ে বড় দায়টা তাঁরই! দু-দুবার গোলের সহজ সুযোগ পেয়েও সেদিন গোল করতে পারেননি রোবেন, যার মাশুল দিতে হয় শেষ পর্যন্ত স্পেনের কাছে ১-০ গোলে হেরে। শেষ দিকে আন্দ্রেস ইনিয়েস্তার গোলটি তাই সবচেয়ে বড় শেল হয়ে বিঁধেছিল রোবেনকেই।
সেই আক্ষেপ এবার নিশ্চিতভাবেই মুছে ফেলতে চাইবেন রোবেন-পার্সিরা। ভেতরের তীব্র আকাঙ্ক্ষাটা ফুটে উঠছে তাঁদের মাঠের পারফরম্যান্সেও। শুরুটা হয়েছে উড়ন্ত। কিন্তু রোবেন সতীর্থদের সতর্ক করে দিয়ে বলছেন, কোনোভাবেই আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, ‘আমাদের অবশ্যই পা মাটিতে রাখতে হবে। লড়াকু মানসিকতাটা ধরে রাখতে হবে এবং প্রত্যেককেই প্রত্যেকের জন্য খেলতে হবে।’
হল্যান্ডের উজ্জীিবত পারফরম্যান্সের পেছনে কোচ লুইস ফন গালের কৃতিত্ব দেখছেন অনেকেই। রোবেনও আস্থা রাখছেন কোচের ওপর, ‘বিশেষ কিছু অর্জন করতে চাইলে আমাদের অবশ্যই কোচের ওপর আস্থা রাখতে হবে। তিনি জানেন তিনি কী করতে চান। আপনি যদি জয়ের মধ্যে থাকেন, সবকিছুই তখন ঠিকঠাকমতো হয়।’ বাকি চারটা ম্যাচেও সবকিছু ঠিকঠাকভাবে করে ডাচদের স্বপ্নের মুহূর্তটা উপহার দিতে চান রোবেন। পারবেন?