রোমাঞ্চিত নেইমার

জানতেন চোট বা দুর্ঘটনা উটকো থাবা না বসালে বিশ্বকাপে খেলা হবেই। নেইমারকে যে বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নসারথিই ভাবা হয়! খেলাটা নিজেদের মাঠে, নিজেদের দর্শকের সামনে। বিশ্বকাপ দলে ডাক পেয়ে নেইমার তাই রোমাঞ্চিত৷ এখনই যেন মারাকানার কলরব তাঁর কানে বাজছে!
পরশু ঘোষিত ব্রাজিল দলে অনুমিতভাবেই আছেন ২২ বছর বয়সী নেইমার। বার্সেলোনা ফরোয়ার্ডের চোখেমুখে এখনো খানিকটা লেপ্টে আছে কৈশোরের সারল্য। নেইমারের প্রতিক্রিয়ায় যেন সেটারই বহিঃপ্রকাশ৷ ‘ছোটবেলা থেকেই আমি যে স্বপ্নটা দেখে এসেছিলাম, সেটাই সত্যি হতে চলেছে। কোনো সন্দেহ নেই, এটা আমার জীবনের সবচেয়ে সুখী দিনগুলোর একটি। আমি সব সময় নিজের স্বপ্নের পেছনে ধাওয়া করে এসেছি। এটা ছিল তার মধ্যে প্রধান-শুধু নিজের পরিবারের নয়, পুরো ব্রাজিলের প্রতিনিধিত্ব করা। এই উপহারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমি আবেগাক্রান্ত, চিন্তিত। স্নায়ুচাপেও ভুগছি। আমি এখন শুধু সেই দিনটির অপেক্ষায় আছি’-টুইটার-ইনস্টাগ্রামে নেইমারের উচ্ছ্বাসটা যেন বাঁধনহারা!
নেইমার নিশ্চিত জানতেন বিশ্বকাপে থাকছেন। স্কলারির দলের বেশির ভাগকে নিয়েই আসলে তেমন কোনো সংশয় ছিল না। তবে ফলটা নোটিশ বোর্ডে যাওয়ার আগেই জেনে গিয়েছিলেন কেউ কেউ। ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি নিজেই জানিয়েছেন, ‘অনেকে আগে থেকেই জানত তারা বিশ্বকাপে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে তাদের জানিয়ে দিয়েছিলাম তাদের নাম তালিকায় আছে। তাদের সংশয়টা দূর হোক, এটাই চেয়েছিলাম আমি।’
কিন্তু তার পরও কিছু প্রশ্ন তো আসেই। কাকা-রোনালদিনহো-রবিনহোদের বাদ দেওয়া হয়েছে৷ ছেঁটে ফেলা হয়েছে অভিজ্ঞ একটা সোনালি প্রজন্ম৷ এটা কি সুবিবেচনাপ্রসূত হয়েছে? অতিরিক্ত স্ট্রাইকার হিসেবে পাতো কি জায়গা পেতে পারতেন? ফর্মে থাকা লিভারপুল মিডফিল্ডার কুতিনহোকে কি নেওয়া যেত না? এই মৌসুমে আলো ছড়ানো অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার যুগল মিরান্ডা-ফেলিপে লুইসও ব্রাত্য হয়ে রইলেন। অনেকেই অনেক কিছু বলছেন, কিন্তু নিজের দল নিয়ে স্কলারি কতটা নিঃসংশয় সেটা একটা বাক্যেই বুঝিয়ে দিলেন, ‘আমি আমার দলের আস্থা রাখি, দরকার হলে ওদের সঙ্গে আমি নরক পর্যন্ত যেতে রাজি আছি।’
কিন্তু এবারের বিশ্বকাপ শেষে কি সেলেসাওদের কোচ থাকবেন? স্কলারি অত দূরে তাকাতেই রাজি নন, ‘কোনো কিছুই চূড়ান্ত নয়। যেটা চূড়ান্ত সেটা হলো দলকে আমি বিশ্বকাপ জেতাতে চাই।’
স্কলারি আগেই ওটা অর্জন করেছেন। ২০০২ সালে ব্রাজিলকে সর্বশেষ উৎসবের উপলক্ষ এনে দিয়েছিলেন ‘বিগ ফিল’ই। এবারের চ্যালেঞ্জটা আরও বড়। তবে সেটা নিয়ে উদ্বিগ্ন না থেকে স্কলারি বরং রোমাঞ্চিত, ‘দলকে দ্বিতীয়বার বিশ্বকাপে নিয়ে যাওয়া, তা-ও নিজেদের মাঠে, আসলেই দুর্লভ একটা ব্যাপার। এটা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় সন্তুষ্টি।’
দলে নেইমারের ভূমিকা কী হবে? স্কলারি ব্যাপারটা দেখছেন এভাবে, ‘সে একটা দলের পরিপূরক হয়ে খেলবে, যারা ওকে সাহায্য করবে। ওরও তাদের সাহায্য করতে হবে।’ এএফপি।