রোমাঞ্চের নাম 'কাবাডি' 'কাবাডি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ মনোযোগের কেন্দ্রে এনেছে কাবাডি খেলাটিকে। ছবি: ফাইল ছবি।
বিশ্বকাপ মনোযোগের কেন্দ্রে এনেছে কাবাডি খেলাটিকে। ছবি: ফাইল ছবি।

গ্যালারিভর্তি দর্শক। আহমেদাবাদের দ্য অ্যারেনায় যেন সাগরের গর্জন। চারদিকে রঙিন আলোর রোশনাই। ড্রেসিংরুম থেকে দৌড়াতে দৌড়াতে মাঠে ঢুকলেন খেলোয়াড়েরা। পর্দায় ততক্ষণে ভেসে উঠেছে ওই দেশের জাতীয় পতাকা। ধারাভাষ্যকারের কণ্ঠে টইটম্বুর উচ্ছ্বাস। ম্যাচ শুরুর আগে জায়ান্ট স্ক্রিনে চলল খেলোয়াড়দের ক্ষণগণনা—টেন কাবাডি, নাইন কাবাডি...ওয়ান কাবাডি!

শুরু হয়ে গেল কাবাডি খেলা। সদ্য–শেষ–হওয়া কাবাডি বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগে এমনই রোমাঞ্চের আবহ তৈরি করা হতো। দারুণ ধারাভাষ্য, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে কাবাডি খেলাকেও যে কত দারুণভাবে উপস্থাপন করা যায়, এবারের কাবাডি বিশ্বকাপ যেন সেটিই সবাইকে দে​খিয়ে দিয়েছে। টেলিভিশনে কাবাডি বিশ্বকাপ দেখে মানুষ এতটাই মন্ত্রমুগ্ধ, এই প্রতিযোগিতার গল্প এখন দেশের অনেকের মুখে মুখে। কোনটা ‘ডু অর ডাই রেড’, কীভাবে হয় বোনাস পয়েন্ট, সুপার-ট্যাকল কোনটি, অলআউটের সুবিধা কী—অনেকেই তো এসব জেনেছেন এবারের বিশ্বকাপ দেখে। কাবাডি খেলাটির প্রত্যেক মানুষের নতুন করে আগ্রহও জন্মেছে বিশ্বকাপের খেলাগুলো টিভিতে দেখে। ক্রিকেট, ফুটবলের পাশাপাশি এই কাবাডির গল্পও এখন ফিরছে মানুষের মুখে মুখে। কেন দক্ষিণ কোরিয়ার কাছে জেতা ম্যাচ ওভাবে হারল বাংলাদেশ! চলছে ওই ম্যাচে হারের ময়নাতদন্ত। কেন আমরা বিশ্বকাপের ফাইনালে খেলতে পারলাম না—এ নিয়েও মানুষের মধ্যে আছে আফসোস। কাবাডি দলের অধিনায়ক আরাদুজ্জামান মুনশি তো এখন রীতিমতো তারকা। তুহিন তরফদারের ডিগবাজির দৃশ্যও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনার বিষয়। মাশরাফি, সাকিবদের মতোই আরাদুজ্জামানকে নিয়েও লেখা হয় ফেসবুক স্ট্যাটাস। কাবাডি বিশ্বকাপের অফিশিয়াল ওয়েবসাইটই বলছে, এবারের আসরের অন্যতম সেরা তারকা খেলোয়াড় এই আরাদুজ্জামান।
বিশ্বকাপ কাবাডি এর আগেও দুবার হয়েছে। ভারতে হওয়া ওই দুটি আসরের চেয়ে এবারের আসর নজর কেড়েছে বেশি। এর পেছনের কারণ অবশ্যই স্যাটেলাইট সম্প্রচার। বিখ্যাত স্টার স্পোর্টস চ্যানেল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে খেলাটিকে এমনভাবে উপস্থাপন করেছে যে মানুষ এতে আকৃষ্ট হয়েছে দারুণভাবে। খেলার রোমাঞ্চ, ধারাভাষ্য, রিভিউ, টেলিভিশন রিপ্লে, খেলা শুরুর আগে ও পরের টেকনিক্যাল বিশ্লেষণ, অধিনায়কদের সাক্ষাৎ​কার—সব মিলিয়ে যেন বিনোদনের একটা প্যাকেজই সাজিয়েছিল আয়োজকেরা।
মূলত প্রো-কাবাডির মোড়কে বিশ্বকাপ কাবাডিকে তুলে ধরতে চেয়েছিল আয়োজক ভারত। পার্থক্য প্রো-কাবাডিতে ছিল ফ্র্যাঞ্চাইজি দল। বিশ্বকাপে খেলেছে ১২টি দেশ। বাকি সবই যেন প্রো–কাবাডির মোড়কেই সাজানো। এমন আকর্ষণীয় উপস্থাপনার গুণেই বিশ্বকাপ কাবাডি পৌঁছে গেছে বাংলাদেশের ঘরে ঘরে ।
বাংলাদেশের অধিনায়ক আরাদুজ্জামান মুনশির জন্য এ এক অন্য রকম অভিজ্ঞতা, ‘সেই ২০০৯ সাল থেকে জাতীয় দলে খেলছি। কিন্তু এমন পরিচিতি এর আগে কখনোই পাইনি।’ খ্যাতির মৃদু বিড়ম্বনার কিছু উদাহরণও দিলেন নৌবাহিনীর এই খেলোয়াড়, ‘বিমানবন্দর থেকে বেরিয়ে যখন ট্যাক্সিতে উঠছিলাম, তখন একজন আরেকজনকে দেখিয়ে বলছিলেন, ওই দেখ মুনশি ভাই। এবার কাবাডি বিশ্বকাপে অসাধারণ খেলেছেন।’
গতকাল পারিবারিক কাজে বাগেরহাট থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন আরাদুজ্জামান। পথেই গাড়িতে অনেক তরুণ এসে আরাদুজ্জামানের সঙ্গে কথা বলেছেন। সেলফি তুলেছেন। অথচ বিশ্বকাপে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতেই জনপ্রিয়তা পেয়ে গেছেন বাংলাদেশের কাবাডি খেলোয়াড়েরা।
প্রো-কাবাডি লিগে ফ্র্যাঞ্চাইজি কিনেছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শচীন টেন্ডুলকারের মতো বড় তারকারা। এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই তারকারাই সরগরম করে রেখেছেন টুইটার, ফেসবুক। শচীন টুইট করেছেন, ‘চ্যাম্পিয়ন! খেলাটি আমরাই আবিষ্কার করেছি, কোনো বিশ্বকাপেও হারিনি। কী গর্বের অনুভূতি!’ অমিতাভ বচ্চন লিখেছেন, ‘বহু যুগ আগে যারা আমাদের ময়ূরসিংহাসন নিয়ে গিয়েছিল, মনে হচ্ছে সেই সিংহাসন যেন চলে এসেছে ভারতে...।’ শাহরুখ খানের উচ্ছ্বাস, ‘কাবাডি, কাবাডি, কাবাডি...। ভারতকে অভিনন্দন। টানা তৃতীয় শিরোপা।’ প্রো–কাবাডির কল্যাণেই কাবাডি এখন ক্রিকেট, হকি, ফুটবলের পরই জনপ্রিয়।
কাবাডি ​আমাদের জাতীয় খেলা। সাধারণ মানুষের কাছে এই খেলা কিন্তু অসম্ভব জনপ্রিয়। ভারতের মতো একটি পেশাদার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কাবাডি লিগ আয়োজন করলে জনপ্রিয়তা অন্যমাত্রায় পৌঁছে যেতে বাধ্য। আরাদুজ্জামান তো স্বপ্ন দেখতে শুরু করেছেন, ‘আমাদের দেশেও এমন কাবাডি লিগ সম্ভব। আমি ব্যক্তিগতভাবে ক্রিকেটার মাশরাফি ভাইয়ের সঙ্গে আলোচনা করেছি এ নিয়ে। তাঁদের মতো অনেকেই এগিয়ে আসতে চান প্রো-কাবাডি লিগ আয়োজনে সহায়তা করতে।’
কিন্তু চাইলেই তো সম্ভব নয়। ফেডারেশন কর্মকর্তাদেরও এগিয়ে আসতে হবে। তাঁদের ভাবনাটা হতে হবে আধুনিক ও বাণিজ্যিক। বড় বড় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ছাড়া এমন আয়োজন সম্ভব নয়। কাবাডি কর্তারাই তো এই পৃষ্ঠপোষকদের নিয়ে আসবেন। বিনিয়োগ করতে বলবেন এমন আয়োজনে। খেলাটার বাণিজ্যিকীকরণ করলে দেশের কাবাডি খেলোয়াড়েরাও আর্থিকভাবে লাভবান হতে পারবেন। তৃণমূল থেকে উঠে আসবে নতুন খেলোয়াড়।
কাবাডি ১৯৯০ সাল থেকে এশিয়ান গেমসে মোট সাতবার উপহার দিয়েছে পদক। ক্রিকেটের পর এই কাবাডিই খুব সম্ভবত আন্তর্জাতিক অঙ্গনে দলীয় খেলা হিসেবে সবচেয়ে সফল। অথচ এই খেলার বাস্তবতা এই দেশে বড়ই করুণ। আমাদের কাবাডি ফেডারেশন ঘরোয়া আসরগুলোই নিয়মিত আয়োজন করতে পারে না। খেলা নিয়মিত মাঠে না থাকার কারণে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যবঞ্চিত হচ্ছে বাংলাদেশের কাবাডি।
এমন সংগঠকদের দিয়ে প্রো-কাবাডির আদলে লিগ আয়োজন কতটুকু সম্ভব, সেটি নিয়ে সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে।