রোলবলের ফেরিওয়ালা

একটা সাইকেল কেনার সামর্থ্য ছিল না। এক জোড়া রোলার স্কেটিং কিনে সেটি পায়ে দিয়ে বাড়ি বাড়ি সংবাদপত্র বিলি করতেন। কিন্তু এতে সংসার চলছিল না। শেষ পর্যন্ত মহারাষ্ট্রের একটি স্কুলে শারীরিক শিক্ষকের চাকরি নেন রাজু দাবাড়। ছাত্রদের শরীরচর্চা করাতে করাতেই একদিন আবিষ্কার করলেন নতুন খেলা রোলবল।
নিজে স্কেটিং করতেন। তাই বল ও রোলার স্কেটিংয়ের মিশেলে নতুন এই খেলাটার কথা ভাবতেন সারাক্ষণ। পুনের বাল্যশিক্ষা মন্দিরের শিক্ষক রাজু প্রথমে নিজের ছাত্রদের নিয়েই ট্রায়াল দেন খেলাটির। পায়ে স্কেটস পরে বাস্কেটবল নিয়ে হ্যান্ডবল খেলতে শুরু করল ছেলেরা। শুরুতে কেউ সহজভাবে নেয়নি খেলাটি। তেমন সহযোগিতাও পাননি। আশপাশের সবাই তাঁকে নিয়ে হাসাহাসি করত। খেলার সরঞ্জাম কেনার টাকাপয়সা ছিল না। শিক্ষকতা করে যা বেতন পেতেন, মাসের শুরুতে পুরোটাই তুলে দিতে হতো স্ত্রীর হাতে। অথচ মনের মধ্যে নতুন খেলাটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার স্বপ্ন। কিন্তু সাধ আর সাধ্যের মাঝে দাঁড়িয়ে দারিদ্র্যের দেয়াল। শেষ পর্যন্ত নিজের ভিটে বন্ধকের টাকায় রোলবল শেখাতে লাগলেন ছাত্রদের।
কাল পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রসঙ্গটা তুলতেই আবেগাক্রান্ত হয়ে পড়লেন রাজু, ‘বাদ দেন এখন ওসব কথা!’ হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে তিনি চান না! অনেক পীড়াপীড়িতে চোখ মুছে বলতে থাকলেন নিজের কষ্টের কথা, ‘সে ২০০০ সালের ঘটনা। দিনটা স্পষ্ট মনে আছে। ২ ফেব্রুয়ারি ছাত্রদের নিয়ে ট্রায়াল দিই। কিন্তু বছর তিনেক শুধু ভুল করেছি আর ট্রায়াল দিয়েছি। অনেক কষ্ট করেছি তখন।’ শেষ পর্যন্ত ২০০৩ সালে সর্বভারতীয় ক্রীড়া সংস্থার পরিচালককে বোঝাতে পারলেন এই খেলারও অমিত সম্ভাবনা আছে। ওই বছরই খেলাটির উদ্বোধন হয় ভারতে। ভারতীয় ক্রীড়াসংস্থার অধিভুক্ত হয় রোলবল।
এরপর দেশের সীমানা ছাড়িয়ে যান রাজু, ‘আমি শুরুতে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের সংগঠকদের বোঝানোর চেষ্টা করলাম খেলাটা কেমন। সবাই মুগ্ধ হয়ে দারুণ আগ্রহ দেখায়। এশিয়া ছেড়ে আফ্রিকা ও ইউরোপেও এটা চালু করেছি।’
এর আগে আরও তিনটি বিশ্বকাপের আয়োজন করে ফেলেছেন বর্তমানে ভারতীয় ও আন্তর্জাতিক রোলবল ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু। অন্তত ৭০টি দেশ রোলবল খেলছে এখন। ঢাকায় বিশ্বকাপে এসেছে ৪০টি দেশ, প্রায় সাত শর ওপর খেলোয়াড়। সবকিছুই ঠিকঠাক চলছে। রাজুর চোখেমুখে তৃপ্তির আভা, ‘কিছু পেতে হলে কিছু হারাতে হয়। শুরুতে শ্রম বিনিয়োগ করেছি। এখন এতগুলো দেশ রোলবল খেলছে দেখে ভীষণ আনন্দ হয়।’
খেলাটা ‘মেড ইন ইন্ডিয়া’ বলে আলাদা একটা গর্বও আছে রাজুর। খেলার নিয়মকানুন বদলাচ্ছে প্রতিনিয়ত। বিশ্বকাপেও যেমন ৩০ মিনিট খেলা হচ্ছে গ্রুপ পর্বে। অথচ নকআউট ৫০ মিনিটের। বিষয়টিকে তিনি সহজভাবেই দেখছেন, ‘দলগুলো এখানে আসার আগে সেভাবে অনুশীলন করতে পারেনি। গ্রুপ পর্বকে তাই প্রস্তুতি পর্ব হিসেবে দেখাই ভালো। তবে আসল লড়াইটা হবে নকআউট পর্বে।’
রোলবলের আবিষ্কারক একমাত্র ছেলে রোহানকে রোলবলে এনেছেন। এই বিশ্বকাপেও খেলছেন রোহান। খেলাটা এখনো অলিম্পিকভুক্ত হয়নি। তবে রাজুর আশা, একদিন অলিম্পিকেও যাবে রোলবল, ‘আমরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করি, ভবিষ্যতে অলিম্পিকেও থাকবে রোলবল।’
মানুষ তাঁর স্বপ্নের সমান বড়। কিন্তু স্বপ্নটাও কখনো কখনো আকাশের সীমানা ছাড়িয়ে যায়। একসময়ের পত্রিকার হকার রাজু কি ভেবেছিলেন, রোলবল দিয়ে এভাবে এক ছাতার নিচে আনবেন সারা বিশ্বকে!