রোহো না থাকায় উদ্বিগ্ন আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে দলে একজন লিওনেল মেসি আছেন, সেই দলের অন্যদের আলাদাভাবে আলোচনায় আসাটা কঠিন। আর এই আর্জেন্টিনার আকাশে মেসি ছাড়াও সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, অ্যাঙ্গেল ডি মারিয়ার মতো তারারাও তো একটু-আধটু আলো ছড়ান। সেখানে তিনি দলের নিম্ন-মধ্যবিত্ত রক্ষণ সমাজের একজন সদস্যমাত্র। তাঁর তো সামনেই আসার কথা ছিল না। কিন্তু মার্কোস রোহো স্পর্ধিত অহংকারে সামনে এসে দাঁড়ালেন।
টুর্নামেন্ট শুরুর আগে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের ২৪ বছর বয়সী ডিফেন্ডারকে সেভাবে কেউ চিনতই না। সামর্থ্যের প্রমাণ দিয়ে সেই রোহোই এখন আর্জেন্টিনার অন্যতম রক্ষণস্তম্ভ। শুধু রক্ষণ সামলানোই নয়, প্রয়োজনে আক্রমণেও উঠে আসেন। গ্রুপপর্বে নাইজেরিয়ার সঙ্গে দলের জয়সূচক গোলটি করেছেন এই রোহোই। সেই গোলটাও হেড করে, যা আর্জেন্টাইনদের জন্য বিরল ঘটনা! উচ্চতা ৬ ফুট দেড় ইঞ্চি বলে কোচ আলেসান্দ্রো সাবেলাই নাকি সেটপিস কাজে লাগাতে রোহোকে আলাদা করে হেডিং অনুশীলন করিয়েছেন। আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণ, দুই হলুদ কার্ডের খাঁড়ায় এই রোহো আজ বেলজিয়ামের সঙ্গে কোয়ার্টার ফাইনালে দর্শক। কিন্তু কে আজ তাঁর জায়গা নেবে? সাবেলার মনের যে গতি-প্রকৃতি, তাতে সুইজারল্যান্ডের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে রোহোর বদলি হিসেবে নামা হোসে মারিয়া বাসান্তাই হয়তো এগিয়ে থাকছেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা বলে মেক্সিকোর মন্তেরেইতে খেলা ৩০ বছর বয়সী ডিফেন্ডার বাতাসে বলের লড়াইয়ে ভালো করতে পারেন, এটা একটা বিবেচ্য। মার্টিন ডেমিচেলিস, হুগো কাম্পানিয়ারোরও সম্ভাবনা আছে। কিন্তু এই তিনজনের কেউই রোহোর যোগ্য বিকল্প নন। কেননা, এঁরা তিনজনই সেন্টারব্যাক, পাশে খেলতে অভ্যস্ত নন। সুতরাং রোহোর অনুপস্থিতিতে আকাশি-সাদা দল কীভাবে রক্ষা পাবে, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। রয়টার্স।