কেমার রোচ আগের ম্যাচে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েছে। তাতে কী? আমার বলার ভঙ্গিতে কেউ তাচ্ছিল্য খুঁজবেন না। আসলে ওকে নিয়ে আমাদের দুশ্চিন্তার কিছু নেই—তাই ওভাবে বলা। বিশ্বকাপের মঞ্চে ভালো বল সবাই করতে চায়। কোনো দিন উইকেট আসবে, কোনো দিন নয়। রোচ তো আলাদা প্রজাতির কোনো বোলার না যে প্রতি ম্যাচে ফাটাফাটি কিছু করে ফেলবে! ওর শক্তি মূলত গতি। তবে এটাও ঠিক, ওর চেয়ে দ্রুতগতির বোলার আমরা খেলেছি। কাজেই এটা নিয়ে না ভেবে আজ আমাদের ব্যাটসম্যানরা নিজেদের মতো করেই খেলুক। রোচকে ওয়েস্ট ইন্ডিজ সফরে একটা তিন দিনের ম্যাচে আমি দেখেছিলাম। তখন একেবারেই নতুন ছিল সে। এখন অভিজ্ঞতা বেড়েছে, বড় পার্থক্য এটাই। এ ছাড়া ওর মধ্যে আলাদা করে বলার মতো কিছু পাইনি আমি। রোচের দুর্বলতা, ও বাজে বল দেবে। এমনকি বল হাতে ধারাবাহিকও নয়। বারবাডোজের এই পেসারকে সামলানো তাই কঠিন হবে না। হ্যাঁ, আজ ওয়েস্ট ইন্ডিজের রোচ না হয়ে শ্রীলঙ্কার মালিঙ্গার সামনে যদি পড়ত তামিম-ইমরুলরা, তাহলেই আমি দুশ্চিন্তায় থাকতাম। রোচ বেশি দিন হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে এসেছে। একটা হ্যাটট্রিকই তো সব নয়।বরং সুলেমান বেনকে নিয়ে বাড়তি পরিকল্পনা থাকতে পারে। সে যথেষ্ট সমীহ জাগানো বোলার। লক্ষ রাখতে হবে, পোলার্ডরা স্লোয়ার দিতে পারে। কাজেই দেখেশুনে খেলতেই হবে। এই ‘দেখেশুনে’ খেলাটা সব ম্যাচেই প্রযোজ্য। সব বোলারকেই দেখে খেলা একজন ব্যাটসম্যানের অন্যতম বড় গুণ।আমি সব সময় বলি, বোলার নয়, বোলারের বলটাই আসল। বোলারের নামে কিছু যায়-আসে না। সে বলটা কেমন করল, সেটিই আসল। এবং বলের যা প্রাপ্য সেটি মেটাও। কেমার রোচ এখন সবার মুখে মুখে, কিন্তু ম্যাচে সে কেমন বল করল সেটিই গুরুত্বপূর্ণ, নাম নয়। বিশ্বকাপ শুরুর আগে থেকেই বলে আসছিলাম, উপমহাদেশ বা পৃথিবীর যেখানেই খেলা হোক, পেসাররা পেসারই। এই বিশ্বকাপ স্পিনারদের হবে—এমন কথা বিশেষজ্ঞরা বলে এলেও এখন পর্যন্ত আফ্রিদির দুটি ম্যাচ ছাড়া পেসাররাই তো জেতাচ্ছে নিজ নিজ দলকে। আমাদের শফিউলকে দেখলেন না, আয়ারল্যান্ড ম্যাচটায় কী বোলিংই না করল! শফিউল-রুবেলদের ওপর সবার আস্থা ও সমর্থন থাকা দরকার।আমাদের এই উইকেটে বল এত দ্রুত আসছেও না ব্যাটে। আগে আমরা বাউন্সার-টাউন্সার ঠিকভাবে সামলাতে পারতাম না, এখন তো এগুলো বড় কোনো ব্যাপার নয়। আজকের ম্যাচ নিয়ে বলব, প্রথম ১০ ওভার খুব গুরুত্বপূর্ণ। ইনিংসের মাঝপথে বল পুরোনো হলে তখন দেখেশুনে সিঙ্গেলস বেশি নেওয়া যায়। অবশ্যই হাতে উইকেট রেখে। শেষ দিকে যাতে একটা ঝড় তোলা যায়, সেটিও গুরুত্বপূর্ণ।আজ ‘বড় ম্যাচ’, আমাদের চিন্তাটাও বড় থাকা চাই। বড় চিন্তা করলেই আপনি তা অর্জন করতে পারবেন। যদিও সব ম্যাচেই বড় চিন্তা থাকা চাই। ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে পেছনে, কিন্তু নামের ওজনে তো অনেক বড়। আশা করছি, বাংলাদেশ ইতিবাচক মন নিয়ে মাঠে যাবে, সেরা ক্রিকেটটা খেলবে।