রোচের হ্যাটট্রিক, বিধ্বস্ত হল্যান্ড
এবারের বিশ্বকাপের প্রথম ‘হ্যাটট্রিক’ দেখল ক্রিকেট-বিশ্ব। কৃতিত্বটা দেখালেন কেমার রোচ, নিলেন হ্যাটট্রিকসহ ৬টি উইকেট! রোচের তাণ্ডবে হল্যান্ডকে ২১৫ রানের বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।ডাচ ব্যাটসম্যানদের ওপর বয়ে দেওয়া রোচ ‘ঝড়ের’ শুরুটা হয় নিজের প্রথম ওভারেই। হল্যান্ডের রান তখন ২। রানের খাতা খোলার আগেই এই ফাস্ট বোলারের শিকারে পরিণত হন ওয়েসলি বারেসি। ইনিংসের ৩২তম আর রোচের নবম ওভারের জন্য তুলে দেওয়া হলো বল। এর পরই রোমাঞ্চকর এক মুহূর্ত।হল্যান্ডের সংগ্রহ তখন ৭ উইকেটে ১১৫ রান। প্রথম বলেই এলবিডব্লিউর শিকার সিলার। পরের বলে একই কায়দায় বিদায় লুটসের। অপেক্ষা, বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের সাক্ষী হয়ে থাকার। ক্রিকেট বিশ্বকে স্মরণীয় মুহূর্তটি থেকে বঞ্চিত করেননি রোচ। তৃতীয় বলে বোল্ড করলেন ওয়েসডিককে! রোচের তাণ্ডবে ১১৫ রানেই শেষ হল্যান্ডের ইনিংস।এ ম্যাচে ঝড় আগেও একবার উঠেছিল, তুলেছিলেন কাইরন পোলার্ড। খেলেন ২৭ বলে ৬০ রানের ‘ঝোড়ো’ ইনিংস। এর মধ্যে রয়েছে ৫টি চার ও ৪টি ছয়ের মার! স্ট্রাইক রেট ২২২। সঙ্গে ক্রিস গেইলের ৮০ রান মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩৩০। ডেভন স্মিথ ও ক্রিস গেইলের উদ্বোধনী জুটিতে আসে ১০০ রান। ৫৩ রান করে সাজঘরে ফেরেন স্মিথ। রান পেয়েছেন টপ অর্ডারের সবাই। ৭টি চার ও ২টি ছয়ে ১১০ বলে গেইল করেন ৮০ রান। ড্যারেন ব্রাভো ৩০ ও রামনরেশ সারওয়ান করেন ৪৯ রান। হল্যান্ডের হয়ে সিলার তিনটি ও বুখারি দুটি উইকেট শিকার করেন। ওয়েবসাইট।