রোজারিও থেকে বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনায় যোগ দেওয়ার পর মেসি
বার্সেলোনায় যোগ দেওয়ার পর মেসি

বিশ্বসেরা ফুটবলারের মুকুটটা নিয়ে তাঁদের লড়াই৷ ব্রাজিল বিশ্বকাপে যেটির ঝাঁজ আরও বাড়বে৷ লিওনেল মেসির রোমাঞ্চকর উত্থান ও সাফল্যের গল্প নিয়ে ধারাবাহিক প্রতিবেদন চতুর্থ পর্ব

ব্যয়বহুলই৷ আর্জেন্টিনা হোক কিংবা স্পেন—বছরে অন্তত ছয় লাখ পেসো (আর্জেন্টাইন মুদ্রা) খরচ হবে, যা এক লাখ পাউন্ডের সমান৷ মেসির মা-বাবা দুজনেই চাকরি করলেও এত খরচ বহন করা তাঁদের পক্ষে সম্ভব নয়৷
নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব কর্তৃপক্ষ মেসির চিকিৎসা-ব্যয়ের একটা অংশ বহনে রাজি হলো৷ মূল চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে সহায়ক ইনজেকশনগুলো কিনে দিতে শুরু করে তারা৷ কিন্তু আস্তে আস্তে তারাও সেটি নিয়ে শুরু করে টালবাহানা৷ একপর্যায়ে মনঃকষ্টে ওই সাহায্য নেওয়া বন্ধ করে দেন মেসির মা, ‘আমি তাদের কাছ থেকে আর কোনো অর্থ নিচ্ছি না৷’
হেন চেষ্টা নেই, যা ছেলের চিকিৎসার জন্য করেননি হোর্হে ও সেলিয়া৷ কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না৷ তবে হালও ছাড়লেন না৷ চিকিৎসক সোয়ার্জতেইন ও মেসির মা-বাবা অন্তত একটা জায়গায় পুরোপুরি একমত, ‘মেসির ফুটবল নৈপুণ্যের কাছে তাঁর এই হরমোনজনিত সমস্যা ও এর চিকিৎসা কিছুই না৷’

মাত্র ১৩ বছর বয়সেই যুব ফুটবলে নাম ছড়িয়ে পড়ে মেসির৷ পত্রিকাগুলোতে তাঁকে নিয়ে শিরোনাম হয়, লেখালেখি হয় বিস্তর৷ বুয়েন্স এইরেস, রিভার প্লেট—সর্বত্র তাঁর নামডাক৷ বার্সেলোনায়ও পেঁৗছে গেছে সেই বার্তা৷
এফসি বার্সেলোনার তখনকার টেকনিক্যাল ডিরেক্টর চার্লস রেক্সাস বলেন, ‘তিনি (বার্সার অন্যতম অংশীদার যোসেফ মারিয়া মিংগুয়েলা) আমাকে একটি ছেলের কথা বললেন...অনেকটা ম্যারাডোনার মতো৷ আমি ভাবলাম, তিনি হয়তো ১৮ বা ১৯ বছর বয়সী তরুণের সম্পর্কে বলছেন৷ কিন্তু তিনি যখন ছেলেটির বয়স সম্পর্কে বললেন, আমি চমকে যাই৷’
সবার পীড়াপীড়িতেই শেষ পর্যন্ত মেসিকে বার্সেলোনায় আনার সিদ্ধান্ত হয়৷ রেক্সাস জানালেন সেই সিদ্ধান্তের ইতিহাস, ‘কাতালোনিয়ার বাইরের কোনো তরুণের সঙ্গে চুক্তি সই ক্লাবের নীতিবিরোধী৷ কিন্তু সবাই যখন আশ্বস্ত করল যে ছেলেটি অনন্য, তার মতো কেউ নেই; তার পরই আমরা ছেলেটিকে বার্সেলোনায় আনার সিদ্ধান্ত নিই, যাতে কোচরা তাকে পরখ করে নিতে পারে৷’
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ৷ ২০০০ সালের ১৬ সেপ্টেম্বর বার্সেলোনার উদ্দেশে রোজারিও ছাড়লেন মেসি ও তাঁর বাবা হোর্হে৷ কিন্তু এ সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ কিছু ছিল না৷ মাত্র ১৩ বছরের একটি ছেলের ওপর ভরসা করে সবকিছু ছেড়ে বার্সেলোনায় যাওয়া ঠিক হচ্ছে তো? মেসির মা-বাবা, ভাই-বোনের মধ্যে সব সময় ঘুরপাক খাচ্ছিল সেই চিন্তা৷ দেশ ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সবাইকে নিয়ে বারবার বৈঠকে বসলেন হোর্হে ও সেলিয়া৷ কারণ তাঁদের একজন সদস্যও যেতে রাজি না হলে সবাইকে শেষ পর্যন্ত রোজারিওতেই থেকে যেতে হবে৷
শৈশব, বাড়ি, স্কুল, বন্ধুবান্ধব—সবকিছু ছেড়ে ১৭ সেপ্টেম্বর বার্সায় পা রাখল মেসি৷ ভ্রমণক্লান্তি কাটানোর সুযোগ দূরের কথা, পরের দিনই ট্রায়ালে নেমে পড়তে হলো তাকে৷ কিন্তু সেখানে যা ঘটল, তা প্রত্যাশাকেও ছাপিয়ে গেল৷ মেসি অবিশ্বাস্যভাবে পাঁচটি গোল করে বসল৷ আরও একটি করেছিল৷ কিন্তু সেটি বাতিল হয়ে যায়৷ তার পরও তার জন্য একটি ট্র্যাকস্যুট কিনে দিতে হয় তার বাবাকে৷ কারণ, হোর্হে কথা দিয়েছিলেন, মেসি ম্যাচে ছয়টি গোল করতে পারলে তাকে ট্র্যাকস্যুট কিনে দেবেন৷
ম্যাচটি যেসব কোচ দেখলেন, সবাই একবাক্যে স্বীকার করলেন, আর্জেন্টাইন

ছেলেটি খুবই ভালো খেলেছে৷ কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করছে রেক্সাসের সিদ্ধান্তের ওপর৷ তিনি সে সময় বিদেশে থাকায় ৩ অক্টোবর আরেকটি ম্যাচের আয়োজন হলো৷ সেখানেও দুর্দান্ত, অপ্রতিরোধ্য মেসি৷ রেক্সাস আর দেরি করলেন না৷ জানিয়ে দিলেন ক্লাবের সিদ্ধান্তের কথা৷ দুই পক্ষই চুক্তিতে রাজি হয়ে গেল৷ দুই দিন পর হাসিমুখে দেশে ফিরলেন মেসি ও তাঁর বাবা৷
কিন্তু তখনো অনেক প্রশ্নের উত্তর ছিল অমীমাংসিত৷ প্রথমত, মেসি বিদেশি হওয়ায় সে কোনো জাতীয় লিগে খেলতে পারবে না৷ দ্বিতীয়ত, সে ভালো ফুটবলার ঠিকই, কিন্তু এখনো শিশু৷ তৃতীয় প্রশ্ন, মেসির মা-বাবা বার্সেলোনায় পাড়ি জমালে তাঁদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে৷ আর মেসির হরমোনজনিত সমস্যা তো রয়েছেই৷ তার চিকিৎসা করাতে হবে, যেটা খুবই ব্যয়বহুল৷ এসব হাজারো প্রশ্ন সত্ত্বেও মেসিকে দলে ভেড়ানোর বড় একটা ঝুঁকি নিলেন রেক্সাস৷ কারণ, মেসির ভিডিও ফুটেজ ও ট্রায়াল দেখে রীতিমতো মুগ্ধ বনে যান বার্সার এই কর্মকর্তা, ‘ছোটখাটো গড়নের ছেলেটি৷ কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমী৷ অসম্ভব রকমের আত্মবিশ্বাস৷ দুরন্ত গতি, ক্ষিপ্রতা আছে তার৷ কৌশলের দিক দিয়েও নিখুঁত৷ বল নিয়ে পড়িমরি করে ছোটার সামর্থ্য আছে৷ রাখে রক্ষণদুর্গের খেলোয়াড়দের ধোঁকা দেওয়ার ক্ষমতা৷’
৪ ডিসেম্বর৷ রেক্সাসকে ডাকলেন মিঙ্গুয়েলা৷ তাঁরা একটি রেস্তোরাঁয় বসলেন৷ সেখানে মেসি পরিবারের প্রতিনিধিত্ব করেন হোরেসিও গ্যাগিয়োলি৷ তিনি তখন বার্সার অন্যতম সহযোগী কর্মকর্তা৷ রেক্সাস বললেন, ‘মেসিকে এক্ষুনি সই না করালে সে হাতছাড়া হয়ে যাবে৷ কেননা, তারা (মেসির পরিবার) আমাকে বিশ্বাস করে না, বার্সেলোনাকেও নয়৷ তারা লিখিত চুক্তি চায়৷’ রেক্সাস সেই দিনটির স্মৃতিচারণ করে বলেন, ‘আমি ছেলেটিকে কোনোভাবেই হাতছাড়া করতে চাইনি৷ তাই আমি সঙ্গে সঙ্গে একটি পেপার ন্যাপকিন (বিশেষভাবে সংরক্ষিত একধরনের বস্তু) বের করলাম৷ পরে তাতেই লেখা চুক্তিতে সই হলো৷’
মেসি হয়ে গেল বার্সার৷ কাতালানদের৷ ফুটবলে সৃষ্টি হতে শুরু করল নতুন নতুন ইতিহাস৷ যা এখনো রচিত হচ্ছে, হবে...৷
সূত্র: বিভিন্ন সময়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন, একাধিক ওয়েবসাইট ও লুকা কাইয়োলির লেখা বই মেসি৷