রোটেশন নীতিমালার বিরোধী লি-লিলি
পেস বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর একটা নীতিমালা আছে অস্ট্রেলিয়ার। এই নীতিমালার অধীনে পেসাররা যেন ইনজুরিতে না পড়েন, সে জন্য তাদের বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু এই নীতিমালা অস্ট্রেলীয় ক্রিকেটকে সত্যিকার অর্থে উপকৃত করছে কি না, তা নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। এই বিতর্কে সর্বশেষ যোগ দিলেন ব্রেট লি। তাঁর মতে, এই পদ্ধতি অস্ট্রেলীয় ক্রিকেটকে কোনোভাবেই উপকৃত করছে না; বরং এটি সমস্যার জন্ম দিচ্ছে।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণ বল করা পিটার সিডল ও বেন হিলফেনহসকে সিরিজ নির্ধারণী পার্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয় রোটেশন পদ্ধতি অনুসরণ করতে গিয়ে। পার্থে চোটের কারণে জেমস প্যাটিনসন খেলতে না পারায় সম্পূর্ণ নতুন তিনজন পেসারকে (মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জন হেস্টিংস) খেলানো হয়। ব্যাপারটি পার্থে অস্ট্রেলিয়ার বাজে পারফরম্যান্সের অন্যতম কারণ হিসেবেই মনে করছেন ব্রেট লি। অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে প্যাটিনসন, সিডল ও হিলফেনহস দারুণ বল করেছিলেন। প্রথম ইনিংসে প্যাটিনসন চোট পাওয়ার পর সিডল ও হিলফেনহস নিজেদের মধ্যে ভাগাভাগি করেছিলেন ৬৭ ওভার। প্রথম ইনিংসে হিলফেনহস তুলে নিয়েছিলেন ৪ উইকেট। সিডল দ্বিতীয় ইনিংসে নিজের সর্বস্ব দিয়ে বল করেছিলেন। তাঁর বোলিংয়ে জয়ের খুব কাছাকাছিই চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু পরের টেস্টেই রোটেশন নীতিমালার শিকার হয়ে মাঠের বাইরে চলে যেতে হয় সিডলকে। ব্যাপারটি একেবারেই ভালো মনে হয়নি ব্রেট লির। তিনি বলেন, যেখানে সিডলের ওই পারফরম্যান্সের মাত্র চার দিনের মাথায় পার্থে পরের টেস্ট শুরু হলো, সেখানে সিডলকে বসে থাকতে হলো রোটেশন নীতিমালার কারণে।ব্রেট লি বলেন, ‘এটা টেস্ট ক্রিকেট। এখানে তত্ত্বকথার সুযোগ খুবই সীমিত। কোনো পরিকল্পনাই এখানে খাটে না। আমি সিডলের জায়গায় থাকলে পার্থে বোলিং করতে চাইতাম।’ তিনি আরও বলেন, পর পর দুটি টেস্ট খেললে পেসাররা চোট পেতে পারে, এসব চিন্তা করে এখানে কোনো লাভ নেই। পার্থে সিডলের জায়গায় খেলা মিচেল স্টার্ক যদি দারুণ কিছু করে ফেলত, সেটাকে আমি হিসেবের বাইরের ঘটনা হিসেবেই ধরে নিতাম।ক্রিকেট অস্ট্রেলিয়ার এই রোটেশন নীতিমালার সমালোচনা করেছেন সাবেক অসি ফাস্ট বোলার ডেনিস লিলিও। লিলি পার্থে ডিটার সিডলকে বসিয়ে দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়ে বলেছিলেন, ‘রোটেশন নীতিমালার আলোকে অসি নির্বাচকেরা যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা সঠিক—তা আমি বিশ্বাস করি না।’ব্রেট লি ডেনিস লিলির সঙ্গে গলা মিলিয়ে বলেছেন, ডেনিস লিলির পরামর্শ অসি নির্বাচকদের গ্রহণ করা উচিত ছিল। ডেনিস অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন। টেস্ট ক্রিকেটে ৩৫৫টি উইকেট আছে তাঁর ঝুলিতে। টেস্ট ক্রিকেটটা তিনি অনেকের চেয়েই ভালো বোঝেন। এখানে একজন পেস বোলারকে নিয়ে কী পরিকল্পনা করতে হবে—সে ব্যাপারে লিলিই সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারতেন। ইএসপিএন।