রোডসের কাছে ফিল্ডিং শিক্ষা

কালো প্যান্ট, টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগোসহ নীল টি-শার্ট। সোনালি চুলে কিছু পাক ধরেছে সত্যি, কিন্তু পেটা শরীরটা দেখে বোঝার উপায় নেই লোকটা খেলা ছেড়েছেন বছর দশেক আগে। রোদচশমাটা টি-শার্টের বুকে গোঁজা ছিল, বিসিবি একাডেমি মাঠে ঢুকেই বুঝতে পারলেন সেটা চোখে তোলার সময় হয়েছে। তারপর সোজা হেঁটে গেলেন মাঠের মাঝ বরাবর। গা গরমের ছোটাছুটি শেষ করে দক্ষিণ আফ্রিকা তখন সেখানে ফিল্ডিং অনুশীলন করছে। ভদ্রলোকের নাম জন্টি রোডস!
এখন তিনি দলের সঙ্গে নেই। ভূমিকা বদলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এসেছেন ধারাভাষ্যকার হিসেবে। মাইক হাতে ক্যামেরার সামনে এত ব্যস্ত সময় কাটছে যে সাংবাদিকেরা কথা বলার চেষ্টা করতেই বলে দিচ্ছেন, ‘মাইক হাতে এত কথা বলছি যে আলাদা করে কিছু বলতে ইচ্ছে করছে না।’ সেই রোডস প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও সময় বের করে কাল দক্ষিণ আফ্রিকার অনুশীলনে!
দূর থেকে দেখে হাসি ফুটল কোচ রাসেল ডমিঙ্গোর মুখে। ‘হাই জন্টি!’ বলে সঙ্গে সঙ্গেই একটা কাল্পনিক বল ছুড়ে দেওয়ার ভঙ্গি করলেন। দৌড়ে গিয়ে দারুণ ক্ষিপ্রতায় সেটা যেভাবে লোফার ভঙ্গি করলেন তাতেই বোঝা গেল, কেন তাঁকে একসময় বিশ্বসেরা ফিল্ডার বলা হতো। মাঠের মাঝে গিয়ে দাঁড়ালেন ডমিঙ্গোর পাশে, একটু পর সেখানে জনাপাঁচেক ক্রিকেটারকে নিয়ে হাজির দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাচক অ্যান্ড্রু হাডসন। কী কথা হচ্ছিল সেটা দূর থেকে বোঝার উপায় নেই। তবে কিছুক্ষণের মধ্যেই দেখা গেল রোডস ক্যাচ ধরার, ডানে-বাঁয়ে ঝাঁপিয়ে বল থামানোর ভঙ্গি করছেন, আর তাঁকে অনুকরণ করছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। এতক্ষণে পরিষ্কার হলো হঠাৎ করে তাঁর দক্ষিণ আফ্রিকার অনুশীলনে চলে আসার রহস্য। উত্তরসূরিদের ‘ফিল্ডিং টিপস’ দিতে এসেছেন রোডস। যেভাবে ফিল্ডারদের হাত থেকে ক্যাচ পড়ছে এই বিশ্বকাপে, তাতে কিংবদন্তি ফিল্ডারের এই পরামর্শ হয়তো দরকার ছিল দক্ষিণ আফ্রিকারও।
ক্রিকইনফো বলছে, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাচ পড়েছে আশিটা! পরশু খেলা চলার সময়ে ক্যাচ ফেলার একটা হিসাব দেখাল টেলিভিশনেও। সেটা দেখে ধারাভাষ্যকার হার্শা ভোগলে মজা করে বললেন, ‘এই প্রথম আমি কোনো টুর্নামেন্ট দেখলাম, যেখানে ক্যাচ ফেলারও হিসাব রাখছে মানুষ।’ অদ্ভুত ব্যাপার হচ্ছে, এর বেশির ভাগই এই পর্যায়ে ক্রিকেটারদের জন্য খুব সাধারণ ক্যাচ হওয়ার কথা এবং সেগুলো ফেলেছেন অনেক নামীদামি ফিল্ডাররাও! কারণ হিসেবে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিছুদিন আগে যুক্তি দেখিয়েছিলেন, ‘বল যখন অনেক উঁচুতে ওঠে তখন আলোর কারণে মাঠের কিছু নির্দিষ্ট জায়গায় ক্যাচ ধরতে গেলে সমস্যা হতে পারে। এটা শুধু এখানে না, বিশ্বের যেকোনো মাঠেই হয়।’
রোডস কি কাল সমস্যাটাকে জয় করার কোনো গোপন মন্ত্র বলে দিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকা দলকে?