রোডসের পথচলার শেষ দিন
এই বয়সে কেউ ধারাভাষ্যকার, কেউ কোচ, কেউ বা ম্যানেজার। কেউ আবার ক্রিকেট-জগৎ থেকেই অনেক দূরে। হয়তো স্ত্রীকে নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়ে যান, পরিবারকে সময় দেন। নাতি-নাতনিদের রূপকথার গল্প শোনান। কিন্তু ৫২ পেরিয়েও উইলফ্রেড রোডস কী করছিলেন? ক্রিকেট খেলছিলেন। বাড়ির আঙিনায় শখের ক্রিকেট নয়, রীতিমতো টেস্ট ক্রিকেট! রূপকথা মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি।আজ হঠাৎ রোডসকে মনে করার কারণ, ৮৩ বছর আগে আজকের দিনেই থেমেছিল তাঁর দীর্ঘ পথচলা। ১৯৩০ সালের ১২ এপ্রিল, জ্যামাইকায় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের শেষ দিনটি রোডসের ক্যারিয়ারেরও শেষ দিন। সেদিন তাঁর বয়স ছিল ৫২ বছর ১৬৫ দিন, আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স ৩০ বছর ৩১৫ দিন! না বলে দিলেও নিশ্চয়ই বুঝতে পারছেন, দুটিই বিশ্ব রেকর্ড। বরং সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলা এবং সবচেয়ে লম্বা ক্যারিয়ার—রোডসের দুটি রেকর্ডই যে ‘অমর’, সেটি বলে দেওয়াতেও ঝুঁকি নেই বিন্দুমাত্র।তবে ক্রিকেট ইতিহাসে রোডস স্থায়ী জায়গা পেয়ে গেছেন শুধু ‘বুড়ো’ বয়সে খেলে গেছেন বলেই নয়। ক্রিকেটীয় অর্জনেই তিনি কিংবদন্তি। ক্যারিয়ার পরিসংখ্যানে চোখ বোলালে চোখজোড়া কপালে উঠতে বাধ্য। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৮ সেঞ্চুরি ও ১৯৮ ফিফটিতে ৩৯ হাজার ৯৬৯ রান। ১১১০ ম্যাচে ৪২০৪ উইকেট, ১০ উইকেট পেয়েছেন ৬৮ বার, ৫ উইকেট ২৮৭ বার! প্রথম শ্রেণীর ক্রিকেটে চার হাজার উইকেট পাওয়া একমাত্র বোলার তিনি, রানসংখ্যায় ওপরে আছেন মাত্র ১৬ জন। গ্যারি সোবার্স যদি সর্বকালের সেরা টেস্ট অলরাউন্ডার হন, প্রথম শ্রেণীর ক্রিকেটে অবিসংবাদিত সেরা রোডসই।টেস্ট রেকর্ডটাকে তুলনায় ম্লান মনে হতে পারে। ৫৮ টেস্টে দুই সেঞ্চুরিতে ২৩২৫ রান, বাঁহাতি স্পিনে ১২৭ উইকেট। তবে এই ‘সাদামাটা’ ক্যারিয়ারেও আছে অবিশ্বাস্য সব কীর্তি। ওপেনিং আর শেষ—দুটি জুটির বিশ্ব রেকর্ডে অংশীদার কোনো একজন, ভাবতে পারেন! ১৯১২ সালে জ্যাক হবসের সঙ্গে তাঁর ৩২৩ রানের জুটি উদ্বোধনী জুটিতে সেরা হয়ে ছিল পরবর্তী তিন যুগ। ১৯০৩ সালে ‘টিপ’ ফস্টারের সঙ্গে তোলা ১৩০ শেষ জুটির রেকর্ডটি টিকে ছিল ৭০ বছর! বলে রাখা ভালো, ১ থেকে ১১—সব পজিশনে ব্যাটিং করার অভিজ্ঞতা হয়েছিল রোডসের। টেস্ট ইতিহাসে যে স্বাদ পেয়েছেন আর মাত্র দুজন—সিড গ্রেগরি ও ভিনু মানকড়।রোডসের শেষ টেস্টে ছিলেন জীবনের ইনিংসে ফিফটি ছোঁয়া আরেকজন। বয়োজ্যেষ্ঠ ক্রিকেটারের তালিকায় চারে থাকা জর্জ গানেরও (৫০ বছর ৩০৩ দিন) শেষ টেস্ট সেটি। চতুর্থ ইনিংসে রোডসের বলে ক্যারিবিয়ান ওপেনার ক্লিফোর্ড রোচের ক্যাচ নিয়েছিলেন গান। উইকেট নেওয়ায় বোলার-ফিল্ডারের মিলিত বয়স ১০৩ বছর—এটিও ক্রিকেটের আরেক অমর রেকর্ড।জ্যামাইকার ওই টেস্ট স্মরণীয় হয়ে আছে আরও বেশ কিছু কারণে। ১৯৩তম ম্যাচে এসে টেস্ট ক্রিকেট পেয়েছিল প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান। সেটিও কে, জীবনের শেষ টেস্ট খেলতে নামা এক ব্যাটসম্যান। প্রথম ইনিংসে একটি সাত, একটি পাঁচ ও ২৮ চারে অ্যান্ডি স্যান্ডহাম করেছিলেন ৩২৫। ‘টাইমলেস’ সেই টেস্ট চলেছিল নয় দিন ধরে। চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জয়ের লক্ষ্য ছিল ৮৩৬। ৫ উইকেটে ৪০৮ রান তোলার পর ম্যাচ শেষ করে দিতে হয়। কারণ, ইংলিশদের জাহাজ ধরার তাড়া ছিল। এটির চেয়ে দীর্ঘ টেস্ট ম্যাচ আছে আর একটিই, ১৯৩৯ সালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ১০ দিনের ম্যাচ। জাহাজ ধরার ব্যাপার থাকায় সেটিও ফলাফলের মুখ দেখেনি।শেষ জীবনে রোডস অন্ধ হয়ে গিয়েছিলেন। তার পরও মাঠে না গিয়ে থাকতে পারতেন না। ব্যাটে বল লাগার আওয়াজ শুনেই বলতেন, ‘মাঝ ব্যাটে লাগেনি’, তালি দিয়ে বলে উঠতেন, ‘দারুণ শট’। ১৯৭৩ সালে ইংল্যান্ডের ডরসেটে যেদিন জীবনের ইনিংস শেষ হলো, রোডসের বয়স ৯৫ বছর ২৫২ দিন। সে সময় এটিও ছিল কোনো টেস্ট ক্রিকেটারের সবচেয়ে দীর্ঘজীবী হওয়ার রেকর্ড!