পরশু প্রথম ওয়ানডে ম্যাচটিকে ভাসিয়ে নিয়েছে বৃষ্টি। ক্রিকেটারদের সময় কেটেছে হোটেলে অলস আড্ডা আর টেবিল টেনিস খেলে। কিন্তু আর টেবিল টেনিস নয়, অস্ট্রেলিয়ানরা আজ রোদ চায়। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। আজ যেন ম্যানচেস্টারের আকাশে সকাল থেকেই হেসে ওঠে সূর্য। ক্রিকেট গড়ায় মাঠে।
অ্যাশেজে ৩-০ হার। টি-টোয়েন্টি সিরিজটা জয় দিয়ে শুরু করেও শেষ পর্যন্ত ১-১ ড্র। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ওয়ানডে সিরিজটা অন্তত জিতে ঘরে ফিরতে চান। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলি বলছেন, ‘লিডসের দিনটা ছিল খুবই হতাশার। হোটেল রুমে বসে কাটিয়ে দেওয়া এবং বৃষ্টি দেখার চেয়ে বাজে আর কিছু হতে পারে না, বিশেষ করে আপনি যখন সত্যিই মাঠে গিয়ে খেলতে চান। ছেলেরা কিছু দুর্দান্ত টেবিল টেনিস খেলেছে। কিন্তু আমরা সে জন্য এখানে আসিনি। আমরা ক্রিকেট খেলতে চাই এবং ম্যাচ জিততে চাই।’ আর শুধু অ্যাশেজের হতাশা হালকা করতেই নয়, অস্ট্রেলিয়া সিরিজের প্রতিটি ম্যাচ খেলতে চায় ২০১৫ বিশ্বকাপের দল গঠনের প্রস্তুতি হিসেবেও! এএফপি।