রোদে পোড়া
‘বিতর্ক’ আর ‘মারিও বালোতেল্লি’—শব্দ দুটি শুনলে প্রথমেই হয়তো ভাবতে শুরু করবেন, আবার কী করে বসেছেন ইতালিয়ান স্ট্রাইকার! নাহ্, কিছুটা ‘আশ্চর্যজনক’ হলেও এবার তাঁকে ঘিরে যে নতুন বিতর্ক, সেটির জন্য বালোতেল্লি দায়ী নন। বরং বিতর্কের শিকার। খ্যাপাটে ইতালিয়ানকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ উঠেছে এসি মিলান সভাপতি ও সাবেক ইতালি প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির বিরুদ্ধে। বালোতেল্লি ‘গায়ে একটু বেশিই রোদ লাগিয়েছেন’ বলে মন্তব্য করেছেন বার্লুসকোনি, যেটি আসলে এসি মিলান স্ট্রাইকারের গায়ের রঙের দিকে ইঙ্গিত বলেই ধরা হচ্ছে। কদিন আগেই মিলানের মালিক হিসেবে ৩০ বছর পূর্ণ করেছেন বার্লুসকোনি। বর্ষপূর্তিতে ক্লাবটিকে সব ইতালিয়ান খেলোয়াড়ে পূর্ণ করতে চান—এমন প্রতিশ্রুতি দিতে গিয়ে বালোতেল্লিকে নিয়ে অমন মন্তব্য করেছেন তিনি। বর্ণবাদী মন্তব্যের অভিযোগ অবশ্য বার্লুসকোনির বিরুদ্ধে আগেও উঠেছে। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কদিন পর বারাক ওবামাকেও ‘রোদে পোড়া’ বলেছিলেন বার্লুসকোনি। আইএএনএস।