রোনালদিনহো-দেল পিয়েরোর দুই রকম দিন
একসময় ইউরোপের লিগের কথা উঠলে তাঁদের দুজনের নাম আসত প্রথমেই। সেরা ফর্ম অনেক আগেই ফেলে এসেছেন, তবে মাঝেমধ্যেই নিজেদের পুরোনো ঝলক দেখিয়ে যাচ্ছেন রোনালদিনহো। স্বদেশে ফিরে অ্যাটলেটিকো মিনেইরোতে যেন নিজেকে খুঁজে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তবে নতুন ঠিকানা অস্ট্রেলিয়ায় আলোকোজ্জ্বল অভিষেক হলো না আলেসান্দ্রো দেল পিয়েরোর। এখনো ঠিকমতো প্রথম ম্যাচে তাঁর দল সিডনি এফসি হেরেই গেছে।ব্রাজিলিয়ান লিগে মিনেইরো আগের চার ম্যাচে জয় পায়নি। সেই অতৃপ্তি তারা গত শনিবার পুষিয়ে দিল ফিগুইরেনসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে। রোনালদিনহো করেছেন হ্যাটট্রিক।ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দেল পিয়েরো অস্ট্রেলিয়ায় গেছেন দারুণ শোরগোল তুলে। বয়স ৩৭ হলেও স্বভাবসুলভ কারিশমা ও স্কিল তো আছেই। তাই অস্ট্রেলিয়ায় তাঁকে নিয়ে মাতামাতিটা স্বাভাবিক। তবে সিডনি এফসির হয়ে অভিষেকটা সুখকর হয়নি, ওয়েলিংটন ফিনিক্সের কাছে ২-০ গোলে হেরেছে দলটি। দেল পিয়েরো নিজেই বলছেন, ভালো করতে হলে তাঁকে আরও খাটতে হবে, ‘আমি ৯০ মিনিট খেলেছি, কিন্তু আমাকে আরও ভালো করতে হবে। আমাকে শারীরিক ও দলগতভাবে অনেক উন্নতি করতে হবে। দল হেরে যাওয়ায় আমি অখুশি।’ ওয়েবসাইট।