রোনালদিনহো-পাতোকে ডাকলেন স্কলারি
ব্রাজিল দলে ফিরিয়ে আনা হলো রোনালদিনহোকে। ফিরলেন আলেক্সান্দ্রে পাতোও। শনিবার বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ১৮ সদস্যের যে দল ঘোষণা করেছেন কোচ লুইস ফেলিপে স্কলারি, অ্যাটলেটিকো মিনেইরোর রোনালদিনহো এবং করিন্থিয়ানসের পাতো ছাড়া বাকি ১৬ জনও খেলেন ব্রাজিলের ঘরোয়া ফুটবলে। কোচ হওয়ার পর স্কলারি ব্রাজিলের প্রথম ম্যাচেই ডেকেছিলেন রোনালদিনহোকে। কিন্তু গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলির সেই ম্যাচে রোনালদিনহোকে খুঁজে পাওয়া যায়নি। ১-২ গোলে ব্রাজিলের পরাজয়ের ওই ম্যাচে একটা পেনাল্টি থেকেও গোল করতে পারেননি সাবেক ফিফা বর্ষসেরা। ওই ম্যাচের পর ইতালি ও রাশিয়ার বিপক্ষে প্রত্যাশিতভাবেই ডাক পাননি রোনালদিনহো। কিন্তু এবার পেলেন, কারণ দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়নি স্কলারির। ফ্রেডের মতো স্ট্রাইকারকে দলে না রেখে কোচ ফিরিয়ে এনেছেন পাতোকে। এসি মিলান থেকে এ বছর করিন্থিয়ানসে যোগ দেওয়া পাতো জাতীয় দলে সর্বশেষ খেলেন গত আগস্টে, সুইডেনের বিপক্ষে। গত মাসে বলিভিয়ায় লিবার্তোদোরেস কাপে করিন্থিয়ানস এবং স্থানীয় স্যান জোসের ম্যাচে দুর্ঘটনায় মারা যান এক তরুণ দর্শক। তাঁর পরিবারকে সাহায্যের উদ্দেশ্যেই বলিভিয়ার সান্তা ক্রুজ ডি সিয়েরায় গিয়ে শনিবার ম্যাচ খেলবে স্কলারির ব্রাজিল। ওয়েবসাইট।