রোনালদিনহো শুধরাবেনই না!
ঠিক গোলের বিচারে মাপা যাচ্ছে না। লিগের সাতটি আর চ্যাম্পিয়নস লিগের তিন ম্যাচের কোনোটিইতেই গোল পাননি। তার পরও পুরোনো রোনালদিনহোর কিছু ঝলক মাঝেমধ্যেই দেখা যাচ্ছে। বয়সের কারণে গতিটা একটু কমে গেছে হয়তো। কিন্তু যখন নিজের সেরাটা খেলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মনে করিয়ে দেন বার্সেলোনায় ফেলে আসা তাঁর সোনালি সময়ের কথা। এই তো ১৭ মাস পর জাতীয় দলে ফিরে যেভাবে খেলেছেন, এই ৩০ বছর বয়সীকে এর পর দলে না নেওয়াটা হবে অন্যায়।সমস্যা হলো, রোনালদিনহোকে নিয়ে সব সময়ই ভালো খবর আপনি লিখতে পারবেন না। আর্জেন্টিনা ম্যাচে তাঁর সেই ব্যাক হিল নিয়ে গত কদিন যেসব আলোচনা হচ্ছিল, সেসবই ম্লান করে দিয়ে রোনালদিনহো আবারও সমালোচনা-বিদ্ধ। সমালোচনা আর কী, তাঁর সেই উদ্দাম নৈশজীবন! পার্টিতে রাতভর ফুর্তি করে সময় কাটিয়ে ভোরবেলা ডেরায় ফেরা। এর জন্য কোচের যে কত গালমন্দ খেতে হয়েছে, তার ইয়ত্তা নেই।দোহায় প্রীতি ম্যাচটি খেলে ফিরে কোথায় ধকল সামলাতে বিশ্রাম নেবেন, রোনালদিনহো ছুটে গেছেন তাঁর ‘প্রাণের টানে’। ভোরবেলা এক রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা গেছে তাঁকে। অথচ গতকালই এসি মিলানের ম্যাচ ছিল লিগে। এক সাংবাদিক ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির কানে কথাটাই তুলতেই মিলান কোচ তো রেগেই আগুন, ‘কোনো ক্রীড়াবিদের জন্যই ওই সময়টা এভাবে কাটানোর কথা নয়।’ এর আগে প্রথম দিকে আড়াল করার চেষ্টাই করেছেন, ‘হয়তো ইতালির বাইরে গিয়েছিল বলে ওর ফেরা উপলক্ষে কেউ লম্বা নৈশভোজের আয়োজন করেছিল।’ পরে অবশ্য রোনালদিনহোর ‘অতীত রেকর্ডের’ কথা সবার জানা বলেই কোচ নিজের রাগটা লুকোননি। গতকালের ম্যাচে তাঁকে বেঞ্চে বসিয়ে রাখারই কথা ছিল।রোনালদিনহোর মধ্যে রাতের জীবনের প্রতি এই আকর্ষণের শুরু প্যারিসে। প্যারিস সেন্ট জার্মেইয়ে খেলার সময়ই কোচের রোষানলে পড়েন। ফরাসি ক্লাবটির তখনকার কোচ লুইস ফার্নান্দেজ এমন মন্তব্যও করেছিলেন, ফুটবল মাঠের চেয়ে আলো-ছায়ার নৈশক্লাবই নাকি রোনালদিনহোকে বেশি টানে। এরপর বার্সা কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েনই শুরু হলো এই অনিয়ন্ত্রিত জীবন নিয়ে। জাতীয় দলেও এ নিয়ে কম হ্যাপা হয়নি। আরেক নৈশজীবন প্রিয় ব্রাজিলিয়ান স্ট্রাইকার আদ্রিয়ানোর সঙ্গে তাঁর জমতও বেশ। একবার তো সাংবাদিকদের চোখে ধুলো দিতে নাকি গাড়ির পেছনের ট্রাঙ্কে করে বেরিয়ে গিয়েছিলেন। আদ্রিয়ানোর পর আলেক্সান্দ্রে পাতোকেও ‘নৈশাভিসারে’ শিষ্য বানিয়েছেন রোনালদিনহো।বার্সা সম্পর্কের ইতি টেনে দিয়ে ২০০৮ সালে চলে আসেন ইতালিতে। নতুন করে শুরুর প্রত্যয়ই জানিয়েছিলেন তখন। কিন্তু আমুদে রোনালদিনহোর মজ্জায় হয়তো মিশে আছে শেকল ভাঙার সুর। সব বাধা নিষেধ, চোখরাঙানি, লোলুপ ক্যামেরা অগ্রাহ্য করে তাই তিনি ছুটে যান। রাতের মায়া এ বড় অদ্ভুত মায়া! ওয়েবসাইট।