রোনালদিনহোদের কান্নাভেজা বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের পক্ষে যা সম্ভব সেটা তারা সফলভাবেই করেছে। কিন্তু ফ্ল্যামেঙ্গোর ভাগ্য ঝুলে ছিল পরের হাতেও। সেটা না হওয়ায় গ্রুপের শীর্ষ দল লানুসকে ৩-০ গোলে হারিয়েও কোপা লিবার্তোদোরেসের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ফ্ল্যামেঙ্গোকে। রোনালদিনহোর দলের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে পরের রাউন্ডে আর্জেন্টাইন ক্লাব লানুসের সঙ্গী ইকুয়েডোরিয়ান ক্লাব ইমেলেক। গ্রুপের অন্য ম্যাচে যোগ করা সময়ের গোলে প্যারাগুইয়ান ক্লাব অলিম্পিয়ার বিপক্ষে পেয়েছে ৩-২ গোলের নাটকীয় জয়।পরশু গ্রুপের শেষ ম্যাচের আগে সমীকরণটা ছিল এমন, পরের রাউন্ডে যেতে হলে লানুসের বিপক্ষে ফ্ল্যামেঙ্গোকে শুধু জিতলেই হবে না, অলিম্পিয়া-ইমেলেকের ম্যাচটিও ড্র হতে হবে। ১০ পয়েন্ট পাওয়া লেনাসের পরের রাউন্ডে যাওয়াটা নিশ্চিতই ছিল। বাকি টিকিটের দাবিদার ছিল তিন দলই। আর তাতে ৭ পয়েন্ট নিয়ে স্বাভাবিকভাবেই এগিয়ে ছিল তিনবার কোপা লিবার্তোদোরেস জেতা অলিম্পিয়া। ইমেলেকের ছিল ৬ পয়েন্ট, ফ্ল্যামেঙ্গোর ৫। এ অবস্থায় নিজেরা জিতলে এবং আসুনসিয়নে অলিম্পিয়া-ইমেলেকের ম্যাচ ড্র হলেই ৮ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে উঠে যায় ফ্ল্যামেঙ্গো। সমীকরণ মিলেও যাচ্ছিল প্রায়। রোনালদিনহো এদিন গোল পাননি বটে, তবে শেষ দুটি গোল বানিয়ে দিয়েছেন অসাধারণ নৈপুণ্যে। তাই শক্তিশালী লানুসের বিপক্ষে ফ্ল্যামেঙ্গো জেতে ৩-০ গোলে। কিন্তু আসুনসিয়নে যোগ করা সময়ে অলিম্পিয়া ও ফ্ল্যামেঙ্গোর স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে ইমেলেককে জয় উপহার দেন হোসে কুইনোনেজ।১৯৮১ সালের দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গো এবার লিবার্তোদোরেস জয়ের স্বপ্ন দেখেছিল রোনালদিনহো ছিলেন বলেই। কিন্তু স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। কঠিন সমীকরণে ম্যাচ জিতেও ফ্ল্যামেঙ্গো খেলোয়াড়েরা মাঠ ছাড়েন কান্নাভেজা চোখে। রয়টার্স।