রোনালদিনহোর অলিম্পিক-স্বপ্ন
হলুদ জার্সি গায়ে সবুজ মাঠে আবার আল্পনা আঁকবেন—এত দিন এ অপেক্ষায় ছিলেন রোনালদিনহো। লন্ডনে ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। রোনালদিনহোর স্বপ্ন এবার আরও ডালপালা মেলছে। দুবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় এবার ২০১২ অলিম্পিক খেলার স্বপ্ন দেখছেন।প্রায় ১০ মাস পর ব্রাজিল দলে ফেরার সুযোগটা দুহাতেই পুরে নিয়েছেন রোনালদিনহো। বার্সেলোনায় থাকতে যে জাদু দেখাতেন, সেটাই যেন ফিরিয়ে এনে মুগ্ধ করেছেন ফুলহাম স্টেডিয়ামের দর্শকদের। মুগ্ধ করেছেন ব্রাজিল কোচ মানো মেনেজেসকেও।ঘানার বিপক্ষে ম্যাচটিই রোনালদিনহোর স্বপ্নের পরিধিটা বড় করে দিয়েছে। ২০১২ অলিম্পিক, এরপর নিজেদের দেশে ২০১৪ বিশ্বকাপ। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য রোনালদিনহো নিজেকে দেখতে চান দুটি ইভেন্টেই। এই ফর্মে থাকা রোনালদিনহোকে মেনেজেসও তাঁর দলে চান।ঘানা ম্যাচ শেষে মেনেজেস স্পষ্ট করেই বলে দিয়েছেন, ‘শারীরিকভাবে ভালো অবস্থায় আছে রোনালদিনহো। এ কারণেই তার সহজাত প্রতিভার বেশির ভাগই এখন কাজে লাগাতে পারছে সে। তার কাছ থেকে আমরা এটাই চাই। কিছু দিক থেকে দলের আরও উন্নতি চাই আমরা। সময়মতো সেটা ঠিকই হবে।’কোচের দিক থেকে সবুজ সংকেত পাওয়া এসি মিলানের সাবেক প্লে-মেকার নিজের এই ফর্মটা ধরে রাখতে চান। ‘এই দলটির বেশির ভাগ খেলোয়াড়ের সঙ্গে আগে কখনো খেলিনি আমি। কিন্তু ভালোই লেগেছে। দলে ফিরতে পেরে আমি খুশি। এখন ক্লাবের হয়ে কঠিন পরিশ্রম করার সময় আমার। কারণ অলিম্পিক আসছে, আসছে বিশ্বকাপ। এই দুটো আমার লক্ষ্য’—বলেছেন ফ্লামেঙ্গো প্লে-মেকার। ওয়েবসাইট।