রোনালদিনহোর মিলান অধ্যায় শেষ
গুঞ্জন নয়, সত্যি। শেষ হয়ে গেছে রোনালদিনহোর এসি মিলান অধ্যায়। মিলানের সঙ্গে তাঁর বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।২০০৮ সালে মিলানে যোগ দেন রোনালদিনহো। কিন্তু আগের মতো জ্বলে উঠতে না পারায় এই তারকার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে মিলান। অন্যদিকে রোনালদিনহোকে পেতে চায় ব্রাজিলিয়ান ক্লাব গ্র্যামিও। ইতালিয়ান মিডিয়ার দাবি, ব্রাজিলে ফিরে যেতে মিলানের অনুশীলন ছেড়ে দিয়েছেন রোনালদিনহো।রোনালদিনহোর থাকা না-থাকা নিয়ে মিডিয়ায় কয়েক দিন ধরে গুঞ্জন চললেও নীরব ছিল গ্র্যামিও-মিলান দুই ক্লাবই। তবে সেই নীরবতা ভেঙে মিলানের কোচ মাসিমিলিয়ানো স্কাই ইটালিয়াকে গতকাল শুক্রবার বলেন, ‘আমরা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছি।’ রোনালদিনহোকে ছেড়ে দেওয়ার কারণটাও ব্যাখ্যা করেছেন মাসিমিলিয়ানো, ‘হয়তো তাঁর আন্তরিকতার ঘাটতি ছিল। আমরা ভেবেছিলাম রোনালদিনহো অসাধারণ কিছুু করবে। ওর শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু প্রত্যেকের দায়িত্ব তাঁর নিজেকেই নিতে হবে।’ রয়টার্স।