রোনালদিনহোর সুযোগ
ক্যারিয়ারে তাঁর যা অর্জন, ইতিহাসের আর কয়জন ফুটবলার তা পেরেছেন, সেটা রীতিমতো গবেষণার ব্যাপার। ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা, বিশ্বকাপ, ফিফা কনফেডারেশনস কাপ যেমন জিতেছেন, তেমনি ক্লাব ফুটবলে একাধিকবার লিগ, সুপার কাপ জিতেছেন। বাদ নেই ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাও। তবুও যেন দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদিনহোর মনের কোণে একটু হাহাকার। পূর্ণ হয়েও যেন পূর্ণ নয় অর্জনের খাতা। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপটা যে জেতা হয়নি কখনো!ক্যারিয়ারের এই গোধূলিতে সেই হাহাকার মুছে ফেলার একটা সুযোগ পেয়েছেন। নিবু নিবু সম্ভাবনা। সেটা যেমন মিলিয়ে যেতে পারে আজ, আবার রঙিনও হতে পারে! আজ ফ্লুমিনেন্সের বিপক্ষে অতিগুরুত্বপূর্ণ ম্যাচ রোনালদিনহোর অ্যাটলেটিকো মিনেইরোর। এ ম্যাচে জিতলেই বেঁচে থাকবে তাদের আশা। হারলেই শেষ সম্ভাবনা!৩১ রাউন্ড শেষে রোনালদিনহোর অ্যাটলেটিকো মিনেইরো ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তাদের চেয়ে ৯ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ফ্লুমিনেন্স। এ অবস্থায় আজ জিতলে তারা এগিয়ে যাবে ১২ পয়েন্টে। বাকি থাকবে মাত্র ৬টি করে ম্যাচ। কাজেই শিরোপা-স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য রোনালদিনহোর দলের আজই শেষ সুযোগ। জিতলে ব্যবধানটা ৬-এ নামিয়ে আনতে পারবে। ৩২ বছর বয়সী রোনালদিনহোও হিসাব করেই নামছেন মাঠে, ‘এটা নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি মনে করি, এ ম্যাচটাই চ্যাম্পিয়নশিপ নির্ধারণ করে দেবে। যদি ফ্লুমিনেন্স জেতে আর কিছু করার থাকবে না।’গ্রেমিও ছেড়ে মাত্র ২১ বছর বয়সেই পাড়ি জমান ইউরোপে। সেখানেই কেটেছে ক্যারিয়ারের সুবর্ণ সময়। আরও স্পষ্ট করে বললে, বার্সেলোনায় (২০০৩-২০০৮)। সেখান থেকে এসি মিলান হয়ে গত বছর ফ্লামেঙ্গোতে নাম লিখিয়ে দেশে ফেরা। ফ্লামেঙ্গোতে তাঁর পারফরম্যান্স ছিল উত্থান-পতনে ভরা। মাঠের পারফরম্যান্সের চেয়েও সংবাদ হয়েছেন মাঠের বাইরের নেতিবাচক খবরের জন্ম দিয়ে। সেই ফ্লামেঙ্গো থেকে পেছনের দরজা দিয়ে মিনেইরোতে একটু থিতু হয়েছেন। রয়টার্স।