রোনালদিনহোর হূদয়ে প্যারিস
এক দল তাঁকে ফুটবল বিশ্বে পরিচিত করিয়েছে। আরেক দলের হয়ে মাতিয়েছেন ফুটবল বিশ্ব। জিতেছেন ট্রফির পর ট্রফি, নিজেকে নিয়ে গেছেন বিশ্বসেরার উচ্চতায়। দুই ক্লাবের মধ্যে কোনটি বেশি প্রিয় রোনালদিনহোর? বার্সেলোনা, না প্যারিস সেন্ট জার্মেই—আজ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সমর্থন জানাবেন কোন দলকে?দুই ক্লাবের সমর্থক মহলেই তাঁর অগুনতি ভক্ত। কোনো একটিকে বেশি প্রিয় বলে তাই ঝুঁকির পথে হাঁটেননি রোনালদিনহো। তবে জানালেন, পিএসজির প্রতি হূদয়ের টানের কথা। ব্রাজিলের বাইরে এটাই ছিল তাঁর প্রথম আশ্রয়। ইউরোপের ফুটবলযজ্ঞে পায়ের নিচে জমিও খুঁজে পেয়েছিলেন প্যারিসের ক্লাবটির হয়ে। সেই ক্লাব এখন তারায় তারায় খচিত, পেট্রোডলারের কল্যাণে হয়ে উঠছে ক্লাব ফুটবলের পরাশক্তি। এসবই খুব ভালো লাগছে রোনালদিনহোর।রসিকতা করে ব্রাজিলিয়ান তারকা ফরাসি টিভি স্টেশন টিএফওয়ানকে বললেন, পিএসজিতে এখন নাকি স্রেফ একটা জিনিসেরই অভাব, ‘প্যারিসের জায়গা আমার হূদয়ে, ইউরোপের বাইরে এটাই ছিল আমার প্রথম ক্লাব। এখন পিএসজি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্লাবগুলোর একটি। দারুণ সব ফুটবলার এই ক্লাবে, আমার ব্রাজিলিয়ান বন্ধুদের অনেকেও আছে। পিএসজিকে এই পর্যায়ে আসতে দেখে দারুণ লাগছে। স্বপ্নের এক দল হয়ে উঠছে এটি। দলটিতে এখন স্রেফ একটাই অভাব—আমি!’২০০১ সালে ব্রাজিলের গ্রেমিও থেকে পিএসজিতে যোগ দিয়ে দুই মৌসুম ছিলেন রোনালদিনহো। এরপর পাড়ি জমান বার্সেলোনায়। স্পেনের পাঁচ বছরে লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন অনেক ট্রফি। ফিফা বর্ষসেরা হয়েছেন দুবার। এরপর আড়াই বছর এসি মিলানে কাটিয়ে যখন আবার ব্রাজিলে ফিরলেন, মনে হচ্ছিল রোনালদিনহোর ক্যারিয়ার অস্তগামী। তবে গত কিছুদিনে আবার মনে হচ্ছে ফিরে যাচ্ছেন সেই সোনালি দিনগুলোতে। প্রমাণ দিচ্ছেন, এখনো তাঁকে ‘বাতিল’ বলে দেওয়ার সময় আসেনি। বলতে গেলে একাই অ্যাটলেটিকো মিনোইরোকে নিয়ে গেছেন কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোতে। আপাতত চোখ তাঁর এই শিরোপাতে, ‘ব্রাজিলিয়ান লিগ জিততে চাই, জিততে চাই কোপা লিবার্তাদোরেসও। ইউরোপে যাওয়ার আগে এই শিরোপাটা আমার জেতা হয়নি। এটা জিততেই আমি ফিরে এসেছি।’দারুণ খেলেছেন দেশের হয়ে সর্বশেষ ম্যাচেও। বলিভিয়ায় ব্রাজিলের ৪-০ গোলে জয়ের অন্যতম কারিগর ছিলেন, অধিনায়কের আর্মব্যান্ড পরে দাপিয়ে বেড়িয়েছেন পুরো মাঠ। এখন স্বপ্ন দেখছেন দেশের মাটিতে বিশ্বকাপ খেলার। ব্রাজিল সমালোচকদের সতর্কও করে দিয়েছেন, ‘আশা করছি, সেলেসাওদের হয়ে এখন নিয়মিত খেলতে পারব, খেলতে চাই বিশ্বকাপেও। এই দলে প্রতিভাবান কিছু তরুণ আছে, আছে অসাধারণ সব ফুটবলার। যাঁরা ভাবছেন বিশ্বকাপে আমরা ভালো করতে পারব না, তাঁরা বিস্ময়ের জন্য অপেক্ষা করুন।’ অবসর প্রসঙ্গ উঠতেই ৩৩ বছর বয়সীর মুখে দুষ্টুমির হাসি, ‘হয়তো আরও ১০ বছর খেলব কিংবা ৪০ বছর পর্যন্ত! মানসিকভাবে এখনো আমি যথেষ্টই তরুণ।’ ওয়েবসাইট।