রোনালদো অন্তঃপ্রাণ মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহো এই মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই এ বছরের ‘ব্যালন ডি অর’ ট্রফিটা দেখছেন। ক্যারিশমাটিক এই কোচ মনে করেন লিওনেল মেসির হাতে ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি উঠলে তা হবে এক ধরনের অবিচারই। তাঁর মতে, মেসি এই মৌসুমে ৫০টি গোল করলেও সেই গোলগুলো বার্সেলোনাকে চ্যাম্পিয়নশিপ এনে দিতে পারেনি। বরং রোনালদোর ৪৬টি গোল মেসির ৫০টির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতীয়মান হয়েছে।‘মেসি গোলের পর গোল করে গেছে। রেকর্ডের পর রেকর্ড ভেঙেছে। কিন্তু সেগুলো বার্সেলোনার কোনো কাজে কি লেগেছে? অথচ রোনালদোর ৪৬টি গোল রিয়ালকে লা লিগার শিরোপা জিতিয়েছে। রোনালদোর হাতেই তাই এবারের ব্যালন ডি অর ট্রফিটা তুলে দেওয়া উচিত।’ মরিনহোর উক্তি।‘রোনালদোকে ইউরোপের বর্ষসেরা করা উচিত কেবল গোল করার জন্য নয়। বরং তাঁর গোলগুলো তাঁর দল রিয়ালকে শিরোপা জিততে সহায়তা করেছে বলেই।’ মন্তব্য মরিনহোর।লিওনেল মেসির ৫০টি গোলের কোনো মূল্য নেই বলেই জানিয়েছেন এই পর্তুগিজ। মেসির দল বার্সেলোনা যেহেতু স্প্যানিশ লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেনি, তাই মেসির যাবতীয় রেকর্ডই অর্থহীন বলে মনে করেন মরিনহো।যে রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ মরিনহো, যে রোনালদোকে এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে ঘোষণাও দিয়ে দিয়েছেন তিনি, সেই রোনালদোই আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপে নিজ দেশ পর্তুগালকে ইউরোপ-সেরা বানাতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয়ে ভুগছেন হোসে মরিনহো। তাঁর মতে, ইউরোপের পেশাদারি ক্ষেত্রে যে রোনালদোকে দেখা যায়, ইউরোতে যে সেই রোনালদোকেই দেখা যাবে, এমন কোনো কথা নেই।এর কারণও ব্যাখ্যা করেছেন মরিনহো, ‘আমি সবসময়ই বলি ক্লাব সবসময়ই জাতীয় দলের চেয়ে এগিয়ে থাকে। জাতীয় দলে আপনি যে প্রয়োজনীয় সহযোগিতা নাও পেতে পারেন। রোনালদো ইউরোতে যেয়ে ঠিক এই সমস্যাতেই পড়তে পারে। রিয়ালে তাঁর সতীর্থরা যে মানের, পর্তুগালের হয়ে সে সেই মানের সহযোগী নাও পেতে পারে।’নিজের ক্যারিয়ারে অনেক অর্জন আছে। আছে ইউরোপের সেরা লিগগুলোর প্রায় সবকটিতেই চ্যাম্পিয়ন দলের কোচ হওয়ার দুর্লভ কৃতিত্ব। কিন্তু মরিনহো মনে করেন, এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে জেতা শিরোপাটিই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কষ্টে অর্জিত সাফল্য। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি অবশ্য প্রকারান্তরে বার্সেলোনার প্রশংসাই করেছেন। সেই সঙ্গে বার্সেলোনাকে স্বীকৃতি দিয়েছেন বিশ্বের সেরা ক্লাব বলে।‘এবার রিয়ালের হয়ে জেতা শিরোপাটিই সবচেয়ে কঠিন আমার ক্যারিয়ারে। কারণ, এবার আমাদের প্রধান প্রতিপক্ষ ছিল দুর্দান্ত। ওদেরতো এই মুহূর্তে বিশ্বের সেরা দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।’ প্রতিপক্ষ বার্সেলোনা ও স্পেনে নিজের সাফল্য সম্পর্কে মরিনহোর মন্তব্য। ওয়েবসাইট।