রোনালদো অসুখী নয়: বেনজেমা
গত সপ্তাহে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ছোট্ট মন্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয়েছিল ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে। রিয়াল মাদ্রিদে সুখী নন বলে জানিয়েছিলেন এই পর্তুগিজ স্ট্রাইকার। তাঁর মতো একজন শীর্ষ ফুটবলার কী নিয়ে অসুখী হতে পারেন, সেটা কিছুতেই ভেবে পাচ্ছিলেন না সতীর্থ ও কাছের মানুষেরা। গত শুক্রবার রোনালদোর পর্তুগিজ সতীর্থ নানিও জানিয়েছেন, রোনালদো মোটেই বিষণ্ন নন। তিনি খুবই ভালো আছেন। এবার রোনালদোর রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমাও বললেন সেই একই কথা। তিনিও সান্তিয়াগো বার্নাব্যুতে অসুখী দেখেননি রোনালদোকে।গত সপ্তাহে লা লিগার ম্যাচে গ্রানাডার বিপক্ষে জোড়া গোল করার পরও সেভাবে গোল উদযাপন করতে দেখা যায়নি রোনালদোকে। কারণ জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘আমি সুখী নই।’ কেন? তা অবশ্য পরিষ্কার করে বলেননি এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। অনেকেই ধরে নিয়েছিলেন যে হয়তো পারিশ্রমিক নিয়েই অসন্তুষ্ট রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। কিন্তু পরে টুইটারের মাধ্যমে রোনালদো পরিষ্কারভাবেই জানিয়েছিলেন, এর পেছনে টাকা-পয়সাজনিত কোনো কারণ নেই। তাহলে হয়তো ক্ষণিকের কোনো বিষণ্নতাই ভর করেছিল রোনালদোর ওপর। রিয়াল-সতীর্থ করিম বেনজেমাও উড়িয়ে দিয়েছেন রোনালদোর এই অসুখী হওয়ার খবর। গতকাল এক সাক্ষাত্কারে ফরাসি এই স্ট্রাইকার বলেছেন, ‘আমি রোনালদোকে কখনো মুখ গোমড়া করে থাকতে দেখিনি। আমি অবশ্য এই খবরগুলো ভালোমতো খেয়াল করিনি কিন্তু আমি তাঁকে অসুখী অবস্থায় দেখিনি।’এর আগে রোনালদোর এই অসুখী হওয়ার ব্যাপারটাকে দুঃখবিলাস বলে উড়িয়ে দিয়েছিলেন বার্সেলোনার সাবেক কোচ চার্লস রেক্সাচ। তাঁর মতে, রোনালদোর মতো শীর্ষ ফুটবলার, যাঁর অর্থবিত্তের অভাব নেই, শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ও সাফল্যমণ্ডিত একজন খেলোয়াড়ের অসুখী হওয়ার ব্যাপারটি দুঃখবিলাস ছাড়া আর কিছুই নয়। গোল ডট কম