রোনালদো আছে বলেই আশাবাদ
‘দ্য ফেনোমেনন’—বিশেষণের আদি প্রাপক আসলে বড় রোনালদো, ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক। কার্লো আনচেলত্তি যাঁর সম্পর্কে বলছেন তিনিও রোনালদো। তবে শুধু নামে মিল আছে বলে নয়, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার গুণে কারণেই তাঁকেও ‘ফেনোমেনন’ বলছেন নতুন রিয়াল কোচ। ফিফার সাবেক বর্ষসেরা ফুটবলারের গুণে রিয়ালের ইতালিয়ান কোচ এতটাই মুগ্ধ যে তাঁকে নিজের দেখা প্রতিভাবান ফুটবলারদের মধ্যে সবার ওপরে রাখতেও দ্বিধা করেননি তিনি!প্যারিস সেন্ট-জার্মেই ছেড়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন কিছুদিন আগে। রোনালদোকে দেখেছেন আগেও, তবে সে দেখা ছিল প্রতিপক্ষ দলের কোচের চোখ দিয়ে। রিয়ালের কোচ হওয়ার সুবাদে গত কিছুদিন খুব কাছ থেকে দেখছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে। আর এই দেখাতেই যেন মুগ্ধতা বেড়েছে শতগুণ, ‘আমি অনেক প্রতিভাবান ফুটবলারকে অনুশীলন করিয়েছি। কিন্তু রোনালদো একজন ফেনোমেনন। সে অসম্ভব প্রতিভাবান, দারুণ তাঁর শারীরিক দক্ষতা। তাকে কোচিং করাতে পেরে আমি দারুণ খুশি।’ এমন একজন ফুটবলার দলে আছে বলেই সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদকে নিয়েও দারুণ আশাবাদী আনচেলত্তি, ‘রোনালদো খুবই পেশাদার। আমি নিশ্চিত ও একটা দারুণ মৌসুম উপহার দেবে।’আনচেলত্তির মতো রোনালদোর গুণমুগ্ধ তাঁর সাবেক ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই স্ট্রাইকার ইব্রাহিমোভিচও। সুইডেনে তাঁর দল পিএসজির সঙ্গে রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ ছিল গতকাল। তার আগে গত পরশু এক সংবাদ সম্মেলনে ইব্রাও তাঁর সাবেক কোচের মতোই প্রশংসার ভান্ডার খুলে দিলেন রোনালদোর জন্য, ‘ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।’ মজার ব্যাপার হচ্ছে, সংবাদ সম্মেলনের দোভাষী তার কথাটা ঠিকঠাক বুঝতে না পারায় বলেছিলেন, ‘রোনালদো বিশ্বসেরা ফুটবলার।’ সঙ্গে সঙ্গেই তাঁকে শুধরে দিয়ে ইব্রা বলেছেন, ‘বিশ্বসেরা নয়, বিশ্বের অন্যতম সেরা।’প্রশংসার ভান্ডার খুলেছেন ঠিকই, কিন্তু রোনালদোর জন্য সেটা উজাড় করে দিতে হয়তো রাজি নন ইব্রা। ওয়েবসাইট।