রোনালদো আছেন রোনালদো নেই
ক্রিস্টিয়ানো রোনালদোর ত্রিশঙ্কু অবস্থা। এখন তাঁর ভাবনায় মালাগা, দক্ষিণ আফ্রিকা আর প্যারিস!মালাগার ব্যাপারটি বোঝা যাচ্ছে। স্পেনের আন্দালুসিয়ার এ শহরটির ফুটবল প্রতিনিধি মালাগার সঙ্গে তো আজ রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ব্যাপারটিও আন্দাজ করে নেওয়া যায়। আর কদিন বাদে বিশ্বকাপ। পতুর্গাল অধিনায়ককে তো ভাবনায় সেটি রাখতেই হবে। কিন্তু প্যারিস?না, ফ্রান্সের রাজধানী নয়; এই প্যারিস হলো মডেল তারকা প্যারিস হিলটন। গত বছর সংক্ষিপ্ত সময়ের জন্য রোমান্সে জড়িয়ে পড়েছিলেন এই দুজন। একান্ত অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। কিন্তু রোনালদোর কাছে প্রেম নাকি ফ্রি-কিক নেওয়ার মতোই! যাবতীয় মনোযোগ থাকে শুধু কিক নেওয়ার সময়ই। কিক নেওয়া শেষ হয়ে গেলেই ‘ফিনিশ’!গোটা আষ্টেক মেয়ের সঙ্গে একই বছর দুই-তিন দিনের মধ্যেই ‘গভীর’ সম্পর্কে জড়িয়ে সেটি প্রমাণও করেছেন পর্তুগিজ ‘প্লেবয়’। তবে শোনা যাচ্ছে, হিলটনের স্মৃতি নাকি কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছেন না। ক্ষণিকেও ওই অভিসারের পর দুজনের আর দেখা হয়নি। কিন্তু সেই দেখা না পাওয়ার আকুলতার কথা রোনালদো জানিয়ে দিয়েছেন হিলটনকে পাঠানো অজস্র মুঠোবার্তায়। রোনালদো উন্মুখ হয়ে আছেন বিশ্বকাপের জন্য। হিলটনও। কারণ আগামী বিশ্বকাপে রোনালদোর পাশে থেকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের এই মডেলও নাকি যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়!এই খবর শুনে পর্তুগাল সমর্থকেরা হাসবে নাকি কাঁদবে! হিলটনের উপস্থিতির পার্শ্বপ্রতিক্রিয়া আগামী বিশ্বকাপে কী হবে কে জানে। দেখা গেল, হিলটনে বেশি মজে গিয়ে বিশ্বকাপটা ভণ্ডুল হয়ে গেল রোনালদোর জন্য। আবার এমনও হতে পারে, হিলটন বাড়তি প্রেরণা দিলেন রোনালদোকে। পর্তুগালও দুর্দান্ত কিছু করে ফেলল!রোনালদো নিজে অবশ্য প্রস্তুত এবার অবিস্মরণীয় কিছু করে ফেলতে। গত বিশ্বকাপটা খুব একটা ভালো কাটেনি। গোল করেছিলেন মোটে একটি। তার ওপর বন্ধু ওয়েইন রুনিকে কেন্দ্র করে কুৎসিত এক নাটকও হয়ে গিয়েছিল তাঁকে ঘিরে। কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচের আগে দ্বিতীয় রাউন্ডেও নেদারল্যান্ডের সঙ্গে গোলমাল। ১৬টি হলুদ কার্ড আর ৪টি লাল কার্ডের সেই ‘ব্যাটেল অব নুরেমবার্গ’!এসব মুছে ফেলার তাগিদ তো আছেই, রোনালদোকে আসলে দায়মোচন করতে হবে নিজের নামটারও। গত তিনটি বিশ্বকাপই ছিল একজন রোনালদোকে বিশ্বকাপের ইতিহাসের পাহাড়চূড়ায় অধিষ্ঠিত করা। ব্রাজিলের রোনালদো, তিন বিশ্বকাপে করেছেন ১৫ গোল। বয়সের কাছে হার মেনে এবার ঠাঁই হয়নি রোনালদোর। ফাঁকা মঞ্চ পড়ে আছে পর্তুগিজ উইঙ্গারের জন্য!রোনালদোকে ভালো করার তাগিদ দিতে পারে লিওনেল মেসির সঙ্গে তাঁর চলে আসা প্রতিদ্বন্দ্বিতাও। এবার বিশ্বকাপও মেসি বনাম রোনালদো অলিখিত এক লড়াইয়ের মঞ্চ সাজিয়ে প্রস্তুত। ‘আমি দুর্দান্ত এক বিশ্বকাপের পরিকল্পনাই করছি। নিজের সেরা ফর্ম নিয়েই আমি সেখানে পৌঁছাব। পর্তুগালের জন্য সম্ভাব্য সবকিছু করতেই আমি প্রস্তুত’—বলেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারটি।কঠিন এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাঁর জন্য। এবার ‘গ্রুপ অব ডেথে’ পড়েছে পর্তুগাল। ‘হ্যাঁ, আমাদের গ্রুপটা কঠিন। কিন্তু এ নিয়ে হা-হুতাশ করে লাভ নেই’—সোজা দর্শন তাঁর। ওয়েবসাইট।