রোনালদো আজ খেলছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুশীলনে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। আজ কি মাঠে নামবেন? l এএফপি
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুশীলনে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। আজ কি মাঠে নামবেন? l এএফপি

ভেইরিনহা শতভাগ নিশ্চয়তা অবশ্য দেননি। তবে যা বলেছেন, পর্তুগিজরা তাতেই উচ্ছ্বসিত হতে পারেন। ব্রাজিলগামী বিমানে ওঠার আগে যুক্তরাষ্ট্রে আজ পর্তুগালের শেষ প্রীতি ম্যাচটিতে খেলতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচটা আয়ারল্যান্ডের সঙ্গে৷
রিয়ালের হয়ে মৌসুম শেষ করেই রোনালদো যোগ দিয়েছেন পর্তুগালের বিশ্বকাপ শিবিরে। কিন্তু খেলা দূরের কথা, বাঁ-হাটুর চোট তাঁকে অনুশীলনেই নামতে দেয়নি। কোচ পাওলো বেন্তো অবশ্য দেশবাসীকে আগেই আশ্বস্ত করেছিলেন, শঙ্কার তেমন কিছু নেই। কিন্তু দিনের পর দিন রোনালদো অনুশীলনের বাইরে থাকায় শঙ্কাটা ক্রমেই বড় হচ্ছিল। চোটের কারণে রাদামেল ফ্যালকাও, ফ্রাঙ্ক রিবেরি, মার্কো রয়েসদের বিশ্বকাপ স্বপ্নভঙ্গের ঘটনা ভয়টা আরও বাড়িয়ে দিয়েছিল।
শঙ্কার মেঘ ফুঁড়ে আলোর রেখাটা প্রথম ফোটে গত পরশু। দলের সঙ্গে প্রথম অনুশীলন করেন রোনালদো। এর পরও অবশ্য কোচ বেন্তো রোনালদো সম্পর্কে নতুন করে কিছু বলেননি। মুখে কুলুপ এঁটে বসে আছেন অন্য কর্মকর্তারাও৷ তবে ভলফসবুর্গের স্ট্রাইকার ভেইরিনহা সাংবািদকদের বলেছেন, ‘সে যদি অনুশীলন করার মতো ফিট হয়, তাহলে সে ম্যাচও খেলতে পারবে।’
শুধু রোনালদোই নন, পরশু দলের সঙ্গে অনুশীলন করেছেন রাউল মেইরেলেসও। অভিজ্ঞ এই মিডফিল্ডারেরও আজ খেলার কথা। তবে ডিফেন্ডার পেপে পরশুও অনুশীলন করেছেন আলাদাভাবে। রিয়ালের ৩১ বছর বয়সী ডিফেন্ডারকে নিয়ে শঙ্কাটা তাই রয়েই গেছে।
তবে রোনালদোকে ফিরে পেয়ে ভলফসবুর্গের ২৮ বছর বয়সী স্ট্রাইকার উচ্ছ্বসিত, ‘প্রত্যেকেই জানে, আমাদের দলে রোনালদো কতটা গুরুত্বপূর্ণ। মাঠ এবং মাঠের বাইরে, দুই জাযগাতেই আমাদের দলে সে গুরুত্বপূর্ণ।’ ভেইরিনহার এটা না বললেও চলত। পর্তুগাল দলে রোনালদোর ভূমিকা কতটা সেটা ফুটবলপ্রেমী মাত্রই জানেন। পর্তুগালকে বলতে গেলে একাই বিশ্বকাপে তুলে দিয়েছেন রোনালদো। সুইডেনের বিপক্ষে প্লে-অফের দুই লেগ মিলিয়ে দলের চারটি গোলই করেছিলেন রোনালদো। দ্বিতীয় লেগে করেছিলেন দুর্দান্ত হ্যাটট্রিক। দেশের পক্ষে সর্বোচ্চ গোলের মালিক (১১০ ম্যাচে ৪৯ গোল) রোনালদোকে ঘিরেই স্বপ্নের মালা গাঁথছে পর্তুগিজরা। আর তাঁর চোট কাটিয়ে ফেরাটা শুধু পর্তুগিজদের জন্যই নয়, পুরো বিশ্বের জন্যই স্বস্তির। বিশ্বসেরা ফুটবলার বিশ্বকাপ খেলতে না পারলে সেটা তো টুর্নামেন্টেরই দৈন্য।
পর্তুগালের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৬ জুন। রোনালদোকে দ্রুত ফিরে পাওয়ার তাড়নাটা বেশি, কারণ নিজেদের প্রথম ম্যাচেই পর্তুগালের প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। ভেইরিনহা বললেন, ‘আমরা সবাই জানি, প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ। আমরা জানি, জার্মানি কতটা ভালো দল। তবে এ-ও জানি, তাদের বিপক্ষে আমাদের কী করতে হবে৷ আমাদের প্রথম লক্ষ্য গ্রুপপর্ব পেরোনো৷ যদি সেটা করতে পারি, তখন দেখা যাবে কত দূর যেতে পারি।’ এএফপি।