রোনালদো আর রিয়ালের রাত

এ রেকর্ডটা হতে পারত আরও সপ্তাহ দুয়েক আগে, সান্তিয়াগো বার্নাব্যুতেই। হয়নি, চোটের কারণে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ওই ম্যাচেই খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো।
কিন্তু হ্যামস্ট্রিংয়ের সামান্য চোটের কী সাধ্য, এই মৌসুমে রোনালদোকে আটকায়!
কোপেনহেগেনের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচেই ফিরলেন রোনালদো। পারকেন স্টেডিয়ামে ৪৮ মিনিটে পেপের হেডে ডান পায়ের শট। ফেরানোর সাধ্য ছিল না কোপেনহেগেন গোলরক্ষক ইয়োহান উইল্যান্ডের। গোল! এবারের চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ উইঙ্গারের ৯ নম্বর গোল। হার্নান ক্রেসপো, রুড ফন নিস্টলরয়, ফিলিপ্পো ইনজাগি আর জ্লাতান ইব্রাহিমোভিচকে পেছনে ফেলে গ্রুপ পর্যায়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা নিজের করে নিলেন রোনালদো। ব্যালন ডি’অরের দাবিটাও আরেকটু জোরালো করলেন কী?
রোনালদোর এই গোলটা ইউরোপীয় প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের ৮০০তম গোলও। জয় নিয়ে সন্দেহ জাগেনি কখনো। রোনালদোর আগেই গোল করে মডরিচ এগিয়ে রেখেছিলেন স্প্যানিশ পরাশক্তিদের। পরে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন পর্তুগিজ উইঙ্গার। কিন্তু ৮৯ মিনিটে পাওয়া পেনাল্টিটা কীভাবে যেন নষ্ট করলেন তিনি। অবিশ্বাস্য ফর্মে থাকা এই রোনালদোর সঙ্গে এটি একটি বেমানান! সে কারণেই কি না দুর্দান্ত এক রেকর্ড গড়ার পরও ম্যাচ শেষে স্বভাবসুলভ উচ্ছ্বাসটা ছিল না তাঁর মধ্যে, ‘আমি খুশি। তবে এটা শুধুই একটা রেকর্ড। আর সত্যি কথা বললে, রেকর্ড নিয়ে আমি খুব একটা ভাবি না। আমার ভাবনায় সব সময়ই দলের জয় আর শিরোপা।’ মনমরা হয়ে থাকার কারণটা পরে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি, ‘ও খুব রেগে আছে, কারণ সে পেনাল্টিতে গোল করতে পারেনি। কিন্তু সে আরও একটা গোল করেছে এবং আমি মনে করি সে ভালো খেলেছে।’
রোনালদোর ব্যক্তিগত রেকর্ড, ইউরোপে রিয়ালের ৮০০ গোলের মাইলফলক ছোঁয়া ছাড়াও একই রাতে রিয়াল মাদ্রিদ গড়েছে আরও কিছু কীর্তি। কোপেনহেগেনের বিপক্ষে দুই গোল মিলিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে রিয়ালের মোট গোল হলো ২০টি। গ্রুপ পর্যায়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে এখন ম্যানচেস্টার ইউনাইটেড (১৯৯৮-৯৯) ও বার্সেলোনার (২০১১-১২) পাশে রিয়ালের নাম। চ্যাম্পিয়নস লিগে টানা ৩১ ম্যাচে গোল করার রেকর্ডটাও এখন শুধুই রিয়ালের। ওয়েবসাইট।
পয়েন্ট তালিকা
গ্রুপ ‘এ’
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
ইউনাইটেড ৬ ৪ ২ ০ ১২/৩ ১৪
লেভারকুসেন ৬ ৩ ১ ২ ৯/১০ ১০
শাখতার ৬ ২ ২ ২ ৭/৬ ৮
সোসিয়েদাদ ৬ ০ ১ ৫ ১/১০ ১
গ্রুপ ‘বি’
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
রিয়াল ৬ ৫ ১ ০ ২০/৫ ১৬
গ্যালাতাসারাই ৬ ২ ১ ৩ ৮/১৪ ৭
জুভেন্টাস ৬ ১ ৩ ২ ৯/৯ ৬
কোপেনহেগেন ৬ ১ ১ ৪ ৪/১৩ ৪
গ্রুপ ‘সি’
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
পিএসজি ৬ ৪ ১ ১ ১৬/৫ ১৩
অলিম্পিয়াকস ৬ ৩ ১ ২ ১০/৮ ১০
বেনফিকা ৬ ৩ ১ ২ ৮/৮ ১০
আন্ডারলেখট ৬ ০ ১ ৫ ৪/১৭ ১
গ্রুপ ‘ডি’
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
বায়ার্ন ৬ ৫ ০ ১ ১৭/৫ ১৫
ম্যান সিটি ৬ ৫ ০ ১ ১৮/১০ ১৫
প্লজেন ৬ ১ ০ ৫ ৬/১৭ ৩
সিএসকেএ মস্কো ৬ ১ ০ ৫ ৮/১৭ ৩