আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ! দুর্দান্ত ফ্রি কিকটি বারে চুমু দিয়ে চলে গেল বাইরে। ক্রিস্টিয়ানো রোনালদো যেন যন্ত্রণায় প্রায় কেঁদেই ফেললেন। দুহাত উঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে চার আঙুল দেখিয়ে কী যেন বললেন বিড়বিড় করে। দুই ম্যাচে চারবার তাঁকে বঞ্চিত করল গোলবার, হয়তো বোঝাচ্ছিলেন সেটাই।এমন যন্ত্রণাতেই কেটেছে পরশুর ৭৯ মিনিট। একের পর এক আক্রমণেও গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর শঙ্কা যখন পর্তুগিজদের একটু একটু করে ঘিরে ধরতে শুরু করেছে, তখনই অধিনায়ক আর দলের যন্ত্রণার সমাপ্তি। মুতিনহোর দারুণ এক ক্রস থেকে মার্কার জেব্রে সেলাসিকে ছিটকে দুর্দান্ত এক ডাইভিং হেডে রোনালদো বল জড়ালেন জালে। হার দিয়ে শুরু করা পর্তুগালকে সবার আগে সেমিফাইনালে নিয়ে গেল এই গোলটাই। হার দিয়ে শুরু করেও ঘুরে দাঁড়ানো চেক প্রজাতন্ত্র বিদায় নিল কোয়ার্টার ফাইনাল থেকে। জেব্রে সেলাসি কিন্তু পুরো ম্যাচে আঠার মতোই লেগে ছিলেন রোনালদোর সঙ্গে। ওয়ান-টু-ওয়ান অবস্থায় সফলও হয়েছেন কয়েকবার। তবে পেরে ওঠেননি রোনালদোর গতি আর স্কিলের সঙ্গে। আগের ম্যাচে হল্যান্ডকে ছিন্নভিন্ন করা রোনালদোকেই পরশু আবার দেখেছে ওয়ারশ। প্রথম ২০ মিনিটে অবশ্য খুঁজে পাওয়া যায়নি তাঁকে। ওই সময়টায় আসলে দুই দলই খেলেছে এলোমেলো, ছন্নছাড়া। ২৪ মিনিটে গোলে রোনালদোর প্রথম শট, বাঁচালেন পিওতর চেক। এরপরই পর্তুগাল আস্তে আস্তে নিয়ে নেয় নিয়ন্ত্রণ, বাকি সময়টা শুধু ছিল পর্তুগালের আক্রমণ আর চেকদের বাঁচার চেষ্টা। গোলে ২০টি শট নিয়েছে পর্তুগাল, অবিশ্বাস্য হলেও সত্যি, চেক প্রজাতন্ত্র মাত্র ১টি!৩২ মিনিটে বক্সের ভেতর থেকে রোনালদোর বাইসাইকেল শট চলে যায় বাইরে। ৩৫ মিনিটে অল্পের জন্য বাইরে ফ্রি কিক। নানি ও রোনালদো উইংয়ে বারবার জায়গা বদলে চেক ডিফেন্সকে ব্যতিব্যস্ত রাখলেও তুলির শেষ টানটা দিতে পারছিলেন না। ৪৫ মিনিটে মেইরেলেসের পাস বক্সের ভেতর বুকে নামিয়ে পা দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে নেওয়া রোনালদোর শট লাগল বারে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফাঁকা জায়গা থেকে আলমেইদার হেড চলে যায় বারের ওপর দিয়ে। ৪৮ মিনিটে রোনালদোর সেই বার কাঁপানো ফ্রি কিক। ৫৮ মিনিটে বল জালে ঢোকালেও আলমেইদা ছিলেন অফসাইডে। ৬৩ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে নেওয়া মুতিনহোর শট গোলে ঢোকার মুহূর্তে পাঞ্চ করে দেয় চেক। ৭৪ মিনিটে নানির শট চলে যায় বারের সামান্য ওপর দিয়ে। ৭৯ মিনিটে স্বস্তির সেই গোল। গ্যালারিতে লাফিয়ে উঠলেন লুই ফিগো, জড়িয়ে ধরলেন পাশে থাকা ইউসেবিওকে। উন্মাতাল দুই পর্তুগিজ গ্রেট দেখলেন মাঠে রোনালদোর বাঁধনহারা উদ্যাপন।চেক গোলবারে বাধার দেয়াল হয়েও শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারেনি চেক। ম্যাচ শেষে চেক অধিনায়ক ও গোলরক্ষকের কণ্ঠে অসহায়ত্ব, ‘রোনালদো বিশ্বের সেরা দুই ফুটবলারের একজন। আবারও সেটা প্রমাণ করেছে আজকের (পরশু) অসাধারণ গোল, দুর্দান্ত ওই হেড। ওকে দমিয়ে রাখা মোটেও সহজ নয়, আজ আবার সেটা দেখাল।’যেভাবে জ্বলে উঠেছেন, রোনালদোকে দমিয়ে রাখা এখন সত্যিই কঠিন হবে। আর রোনালদো জ্বললে মুশকিল পর্তুগালকে থামানোও! এএফপি, রয়টার্স।